বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে বঙ্গভবনে পৌঁছালে সামরিক সচিব ও অন্যান্য সচিব নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান এবং তাঁকে ভিভিআইপি-১ আসনে নিয়ে যান। পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান।

রাষ্ট্রপতি ও নবনির্বাচিত রাষ্ট্রপতি একসঙ্গে দরবার হলে প্রবেশের পর রাষ্ট্রপতির আগমনী সুর বাজিয়ে তাকে অভ্যর্থনা জানানো হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অতিথিদের আসন গ্রহণের পর মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব রাষ্ট্রপতি নির্বাচন আইন উপস্থাপন করেন এবং ভারপ্রাপ্ত স্পিকারকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করানোর অনুরোধ জানান।

শপথ গ্রহণ শেষে রাষ্ট্রপতি ও বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি পরস্পরের আসন পরিবর্তন করেন। এরপর স্পিকার ও নবনির্বাচিত রাষ্ট্রপতি শপথ-সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন।

দায়িত্ব গ্রহণের পর বিদায়ী রাষ্ট্রপতি ও নতুন রাষ্ট্রপতি পরস্পরকে ফুলেল শুভেচ্ছা জানান।

এরপর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের শপথ পাঠ করান।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বঙ্গভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়।