মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করেছে বিজিবি।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় দালালদের সহায়তায় বুধবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে কুলাউড়ার ইছাছড়া পুঞ্জির কাছে ১৮৪১ নম্বর সীমান্তখুঁটি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন তারা। এ সময় বিজিবির ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বুধবার রাত আটটার দিকে আটক ছয়জনকে কুলাউড়া থানায় সোপর্দ করা হয়।

বিজিবির মুরইছড়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আক্তার হোসেন বাদী হয়ে শিশুকে বাদ দিয়ে বাকি পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করেন।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, কাজের সন্ধানে তারা ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম বলেন, বিজিবির করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের মৌলভীবাজার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।