রাঙামাটিতে পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের একদিনেই ১১ মাদক কারবারি ও সাত মাদকসেবীসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গত পাঁচ দিনে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
পুলিশ জানায়, রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ১১ জনকে মাদক কারবারি হিসেবে শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন আবদুর রহমান (৩৫), মো. নুর নবী (৩৭), মো. মানিক উদ্দীন (২৫), মো. সৌরভ (১৯), কাঞ্চন মজুমদার (৩৫), রঞ্জিত বড়ুয়া (৫৫), আল আমিন ব্যাপারি (৩২), মিজান (৩৩), মো. ইয়াছিন (৩৫), নুর মোহাম্মদ (১৯) ও মো. মামুন (২৫)।
এ ছাড়া মাদকসেবনের অভিযোগে পূর্ণ প্রিয় চাকমা (২৬), লিটন চাকমা (২৭), অদিব ত্রিপুরা (৩০), মংকিউ রোয়াজা (২৮), দয়াল মনি চাকমা (৩৫), মোহাম্মদ সাগর (১৯) ও মো. আরিফকে (২৩) গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাঙামাটিতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


