নয় বছরেও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন এখনো শুরু না হওয়ায় উদ্বেগ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে তিনি এ উদ্বেগের কথা জানান।

মাইকেল মিলার বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে কাজ করবে ২৭ দেশের সংস্থাটি। একই সঙ্গে রোহিঙ্গাদের পাশাপাশি বাংলাদেশে আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও সহায়তা অব্যাহত রাখবে ইইউ।

মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘদিনের অভ্যন্তরীণ সংঘাত, জান্তা সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের কারণে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ সংকটের নয় বছর পূর্ণ হলেও এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি।

এদিকে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার অধিকার রয়েছে উল্লেখ করে বিভিন্ন কূটনৈতিক মিশন এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারের চলমান অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার কারণে টেকসই ও নিরাপদ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ এখনও তৈরি হয়নি।

কূটনৈতিক মিশনগুলো রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিয়েছে।