রাখাইনে ২০১৭ সালের আগস্টের ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানের আগের ঘটনাগুলোর কথা উল্লেখ করে বিচারক ইউজি বলেন, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) নিরাপত্তা চৌকি ও বেসামরিক নাগরিকদের ওপর আরসার হামলা এবং গ্রাম জ্বালিয়ে দেওয়ার বিষয়টি চিহ্নিত করেছে। উল্লেখ্য, আরসা হলো একটি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী।

বিচারক ইউজি আরও বলেন, সাক্ষ্য-প্রমাণ থেকে প্রতিষ্ঠিত হয়েছে, নির্দিষ্ট কিছু স্থানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্বিচার হত্যাকাণ্ড, পুরুষদের আলাদা করে মৃত্যুদণ্ড কার্যকর, যৌন সহিংসতা এবং ইচ্ছাকৃতভাবে রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনায় জড়িত ছিল।

বিচারক রায়ে বলেন, আদালত প্রমাণ পেয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপকভাবে যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম নৃশংসতা করেছে এবং বিপুলসংখ্যক রোহিঙ্গা যখন বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন তাদের ওপরও হামলা চালিয়েছে।

একইসঙ্গে, রাখাইনে মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর দমন-পীড়নে প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে আদালত। বিচারক ইউজি বলেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ অনুযায়ী, ২০১৭ সালের ক্লিয়ারেন্স অপারেশন বা শুদ্ধি অভিযানের সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।

রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের চালানো গণহত্যার অভিযোগের মামলায় রায়ে আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক বলেছেন, রোহিঙ্গারা একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী।

রায়ে তিনি উল্লেখ করেন, রোহিঙ্গাদের নিজস্ব ভাষা ও শিল্পকলা রয়েছে এবং তারা নিজেদের স্বতন্ত্র পরিচয়ে চিহ্নিত করে।

কিছু সাক্ষ্য-প্রমাণের কথা উল্লেখ করে বিচারক বলেন, মিয়ানমার কয়েক দশক ধরে তাদের প্রতি বৈষম্য করে আসছে এবং তারা একটি সুরক্ষিত গোষ্ঠী হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য।

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর আরোপিত বিধিনিষেধ কীভাবে তাদের জন্মহারকে প্রভাবিত করেছিল, রায়ে সেটি উল্লেখ করেছেন আইসিজের বিচারক ইওয়াসাওয়া ইউজি।

রায়ে ইউজি উল্লেখ করেন, মিয়ানমার এমন একটি আদেশ জারি করেছিল, যেখানে ‘বাঙালি’ হিসেবে পরিচিত মানুষদের বিয়ের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হতো এবং বিবাহিত দম্পতিদের সন্তান নেওয়ার সংখ্যা সীমিত রাখতে হতো।

রোহিঙ্গাদের সর্বোচ্চ দুটি সন্তান জন্মদানের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল।

বিচারক ইউজি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, এসব নীতি রোহিঙ্গাদের জন্মহার সীমিত করতে সফল না হলেও মিয়ানমার স্বীকার করেছে, এ পদক্ষেপের উদ্দেশ্য ছিল এই জনগোষ্ঠীর জন্মহার কমিয়ে আনা।

রায়ে আদালত বলেছে, এ পরিস্থিতিতে আদালত নিশ্চিত যে ওই আদেশটি ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চাপিয়ে দেওয়া একটি জোর-জবরদস্তিমূলক পদক্ষেপ, যার উদ্দেশ্য ছিল অন্ততপক্ষে এই গোষ্ঠীর ভেতরে জন্মহার হ্রাস করা। যার মধ্যে শুদ্ধি অভিযানের সময়কালও অন্তর্ভুক্ত ছিল।

অন্যান্য পদক্ষেপের পাশাপাশি এ বিষয়টি রোহিঙ্গা জনগোষ্ঠীর বংশবৃদ্ধি রোধ করার ক্ষেত্রে রাষ্ট্রের অভিপ্রায়ের ইঙ্গিতবাহী।

শুদ্ধি অভিযানের সময় যৌন সহিংসতার কথা উল্লেখ করে বিচারক ইউজি রায়ে বলেন, এ জনগোষ্ঠীর সন্তান জন্মদানের ইচ্ছা ও সক্ষমতাকে শারীরিক ও মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার উদ্দেশ্যেই এটি ঘটানো হয়েছিল।

২০১৭ সালের শুদ্ধি অভিযানের আগে উত্তর রাখাইন রাজ্যে বসবাসকারী প্রায় আট লাখ ১৫ হাজার রোহিঙ্গা মিয়ানমারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল

২০১৭ সালের শুদ্ধি অভিযানের আগে উত্তর রাখাইন রাজ্যে বসবাসকারী প্রায় আট লাখ ১৫ হাজার রোহিঙ্গা মিয়ানমারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল বলে আইসিজের রায়ে উল্লেখ করা হয়েছে।

বিচারক বলেন, এই সংখ্যাটি স্পষ্টতই উল্লেখযোগ্য।

রায়ে বিচারক আরও বলেন, জনসংখ্যার এই আকারের ওপর ভিত্তি করে, জেনোসাইড কনভেনশনের উদ্দেশ্যে মিয়ানমারের লক্ষ্যবস্তু হওয়া এই জনগোষ্ঠীকে ‘গুরুত্বপূর্ণ বা বিশাল অংশ’ হিসেবে বিবেচনা করা হয়।

একইসঙ্গে, রায়ে বিচারক ইউজি বলেছেন, বিদ্বেষমূলক বক্তব্যে রোহিঙ্গাদের ‘সাব-হিউম্যান’ বা অমানুষ হিসেবে তুলে ধরা হয়েছিল।

আইসিজের বিচারক বলেন, আদালত প্রমাণ পেয়েছে, ২০১৭ সালের শুদ্ধি অভিযানের সময় মিয়ানমারের সামরিক বাহিনী পরিকল্পিত ও সমন্বিত উপায়ে সক্রিয়ভাবে বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়েছে এবং তার প্রচার চালিয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) লক্ষ্য করেছে, রোহিঙ্গাবিরোধী বিদ্বেষমূলক প্রচারণা এবং এই শুদ্ধি অভিযানের মধ্যে একটি যোগসূত্র রয়েছে।

বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেছেন, ‘মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যার উদ্দেশ্য নিয়ে কাজ করেছিল—এমন যুক্তিসঙ্গত অনুমান করার অবকাশ রয়েছে।’

তিনি বলেন, ‘২০১৭ সালের ক্লিয়ারেন্স অপারেশন বা শুদ্ধি অভিযানকে ঘিরে তৈরি হওয়া প্রেক্ষাপট এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিল, যা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো সহিংসতার জন্য সহায়ক ছিল এবং এটি রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার ব্যাপারে মিয়ানমারের উদ্দেশ্যের ভিত্তি তৈরি করেছিল।’

‘আদালত এ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, আদালতের সামনে উপস্থাপিত সমস্ত প্রমাণ একত্রে বিবেচনা করলে এই যুক্তিসঙ্গত অনুমানকেই সমর্থন করে যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যার উদ্দেশ্য নিয়ে কাজ করেছিল।’

বিচারক ইওয়াসাওয়া আরও যোগ করেন, ‘আদালত স্মরণ করিয়ে দিচ্ছে যে, গণহত্যা সনদ লঙ্ঘনের যে অভিযোগ তোলা হয়েছে তা প্রমাণ করার দায়ভার গাম্বিয়ার ওপর বর্তায়। এর অর্থ হলো, এটি প্রতিষ্ঠা করতে হবে যে উপস্থাপিত প্রমাণগুলো থেকে গণহত্যার উদ্দেশ্যই একমাত্র যুক্তিসঙ্গত অনুমান হিসেবে টানা সম্ভব।’