মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের অপেক্ষায় রয়েছেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা। দীর্ঘদিনের নিপীড়ন, বাস্তুচ্যুতি ও বঞ্চনার পর এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচারের পথ তৈরি হবে—এমন প্রত্যাশা তাঁদের। রায়ে গণহত্যার অভিযোগের আন্তর্জাতিক স্বীকৃতি মিললে মিয়ানমারের ওপর চাপ বাড়বে এবং পূর্ণ নাগরিক মর্যাদায় নিজ দেশে ফিরে যাওয়ার পথ সুগম হবে বলে আশা করছেন রোহিঙ্গা নেতারা।
তবে শুধু রায় ঘোষণা নয়, এর কার্যকর বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর দমন-পীড়ন ও জাতিগত সহিংসতার মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন সাত লাখের বেশি রোহিঙ্গা। এর আগে বিভিন্ন সময়ে সহিংসতার শিকার হয়ে আরও কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। সব মিলিয়ে বর্তমানে ১২ লাখের বেশি রোহিঙ্গার বসবাস কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবিরগুলোতে। বছরের পর বছর ধরে তাঁদের অপেক্ষা—কবে ফিরতে পারবেন নিজেদের ভিটেমাটিতে।

এই প্রত্যাবাসন সংকটের মধ্যেই রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার বিচার চেয়ে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ২০১৯ সালের ১১ নভেম্বর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়নের মাধ্যমে মিয়ানমার ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।
আসন্ন রায়কে ঘিরে রোহিঙ্গা শিবিরগুলোতেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। রোহিঙ্গা নেতাদের প্রত্যাশা, আদালতের সিদ্ধান্ত তাঁদের ওপর সংঘটিত অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, ন্যায়বিচারের আশায় প্রায় এক দশক ধরে অপেক্ষা করছে রোহিঙ্গা জনগোষ্ঠী। আইসিজের রায় তাঁদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে তাঁরা আশাবাদী।
তিনি বলেন, ‘রায়ের তারিখ ঘোষণার পর থেকেই শিবিরগুলোতে এ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। রোহিঙ্গারা আদালতের কার্যক্রম ও রায়ের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন। সবার প্রত্যাশা, রায় তাঁদের পক্ষে আসবে।’
সৈয়দ উল্লাহ আরও বলেন, এই রায় রোহিঙ্গা সংকটের বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ বাড়াতে পারে। তবে রায় বাস্তবায়নের ক্ষেত্রে আদালতের নিজস্ব ক্ষমতা সীমিত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতাসহ নানা রাজনৈতিক বাধা রায় কার্যকরের পথে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। তাই প্রত্যাবাসনের পথ তৈরি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি বাংলাদেশ সরকারকেও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে হবে।
রায় ঘোষণার দিন উখিয়ার জামতলী রোহিঙ্গা শিবিরের একটি মাঠে বড় পর্দায় আদালতের কার্যক্রম দেখানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে আশাবাদী আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মোহাম্মদ জুবাইর। তিনি বলেন, আদালত গাম্বিয়ার পক্ষে রায় দেবেন এবং রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার বিষয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে বলে তাঁরা আশা করছেন।
জুবাইরের মতে, এ ধরনের রায় জাতিসংঘের সদস্যদেশগুলোর মধ্যে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর নৈতিক দায়বদ্ধতা তৈরি করবে। একই সঙ্গে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়বে এবং রোহিঙ্গাদের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আরও জোরালো হবে।
তবে শুধু রায় ঘোষণার মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ রাখার সুযোগ নেই বলে মনে করেন তিনি। তাঁর মতে, রায় বাস্তবায়নে রোহিঙ্গা সংকটের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
রোহিঙ্গা তরুণ ও আরাকান রোহিঙ্গা ফুটবল ফেডারেশনের প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান বলেন, আইসিজের মাধ্যমে রোহিঙ্গারা ন্যায়বিচার পাবেন বলে তিনি আশাবাদী। যারা তাঁদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়েছে, একদিন তাদের বিচারের মুখোমুখি হতে হবে বলে বিশ্বাস করেন তিনি।
তবে ন্যায়বিচার ও প্রত্যাবাসনকে দুটি পৃথক বিষয় হিসেবে দেখছেন মুজিবুর রহমান। তাঁর ভাষায়, ‘ন্যায়বিচার একটি বিষয়, আর প্রত্যাবাসন আরেকটি বিষয়।’
রায়ের বিষয়ে আশাবাদী হলেও তাৎক্ষণিকভাবে প্রত্যাবাসন শুরু হওয়ার সম্ভাবনা দেখছেন না শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়ে আইসিজে রায় দিলে তা শুধু রোহিঙ্গাদের জন্য নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
তিনি বলেন, ‘এ ধরনের স্বীকৃতি রোহিঙ্গাদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ করবে। এর মাধ্যমে প্রতিষ্ঠিত হবে যে রোহিঙ্গারা একটি নিপীড়িত জনগোষ্ঠী এবং মিয়ানমার তাদের ওপর যে অপরাধ সংঘটিত করেছে, তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।’
মিজানুর রহমান আরও বলেন, এ ধরনের রায় জাতিসংঘের সদস্যদেশগুলোর মধ্যে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর নৈতিক দায়বদ্ধতা তৈরি করবে। একই সঙ্গে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে।
তাঁর মতে, রায়ে মিয়ানমারে রোহিঙ্গাদের ঐতিহাসিক শিকড় ও নাগরিকত্বের বিষয়টি স্বীকৃতি পেলে তা বিশেষ গুরুত্ব বহন করবে। কারণ, দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের বহিরাগত জনগোষ্ঠী হিসেবে দাবি করে আসছে মিয়ানমার। এ ধরনের স্বীকৃতি দেশটির সেই দাবির বিপরীতে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করতে পারে।
তবে রায়ের পরপরই প্রত্যাবাসন শুরু হবে, এমন প্রত্যাশা না করার পরামর্শ দিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেন, ‘রায়ের সরাসরি ফল হিসেবে তাৎক্ষণিকভাবে প্রত্যাবাসন শুরু হবে না। তবে এটি রোহিঙ্গাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং তাঁদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে।’
এদিকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রত্যাবাসনের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলছেন স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরা। কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মাহাবুবুর রহমান মনে করেন, রোহিঙ্গা সমস্যার মূল সমাধান মিয়ানমারেই নিহিত। রোহিঙ্গাদের নিজেদের ভিটেমাটিতে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি মিয়ানমারের ওপর কার্যকর চাপ প্রয়োগ জরুরি।
জ্যেষ্ঠ সাংবাদিক ইকরাম চৌধুরী টিপুর মতে, আইসিজের রায় রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের উচিত হবে প্রত্যাবাসনের পক্ষে জোরালো কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা।
বিশেষজ্ঞদের মতে, আইসিজের এই মামলার রায় শুধু রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রশ্নেই গুরুত্বপূর্ণ নয়, বরং গণহত্যার দায় নির্ধারণ এবং আন্তর্জাতিক আইনের প্রয়োগের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিকে আন্তর্জাতিক পরিসরে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হতে পারে।
রোহিঙ্গাদের কাছে তাই ১৯ নভেম্বরের রায় কেবল একটি আদালতের সিদ্ধান্ত নয়; এটি দীর্ঘদিনের নিপীড়ন ও বাস্তুচ্যুতির অবসান, ন্যায়বিচার এবং নাগরিক অধিকার ফিরে পাওয়ার স্বপ্নের সঙ্গে জড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ দিন। তবে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে হলে রায়ের পাশাপাশি প্রয়োজন কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ ও মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছা।


