মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর দমন-পীড়নের নয় বছর পূর্তি উপলক্ষে ‘রোহিঙ্গা গণহত্যা দিবস’ পালন করেছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। এ উপলক্ষে গণহত্যার বিচার এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক রোহিঙ্গা এসব কর্মসূচিতে অংশ নেন। এর আগে সকাল ১০টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশ আয়োজন করে রোহিঙ্গা সংগঠন ‘ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা’ (ইউসিআর)।

সমাবেশে বক্তারা ২০১৭ সালে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যা, নির্যাতন ও বাস্তুচ্যুতির বিচার দাবি করেন। একই সঙ্গে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তার ভিত্তিতে নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানান তারা।

ইউসিআরের প্রেসিডেন্সিয়াল প্যানেলের সদস্য ও রোহিঙ্গা অধিকারকর্মী সৈয়দ উল্লাহ বলেন, ২০১৭ সালের গণহত্যার নয় বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গারা কাঙ্ক্ষিত ন্যায়বিচার পায়নি। নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা ছাড়া কোনো ধরনের অপরিকল্পিত বা লোক-দেখানো প্রত্যাবাসন মেনে নেওয়া হবে না বলেও তিনি জানান।

সমাবেশে রোহিঙ্গারা ‘গণহত্যার বিচার চাই’, ‘নিরাপদ প্রত্যাবাসন চাই’ এবং ‘নিজ দেশে ফিরে যেতে চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন টেকসই হবে না। এ জন্য তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও সমন্বিত উদ্যোগ কামনা করেন।

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্প এলাকায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।