বাবা হোর্হে মেসিকে হারানোর শোক কাটিয়ে উঠতে না উঠতেই চার দিন পর মাঠে ফিরেছিলেন লিওনেল মেসি। তবে লিগস কাপে মেক্সিকোর ক্লাব লিওনের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্টের প্রথম পর্ব থেকেই ছিটকে গেছে মায়ামি।

বাবার শেষকৃত্যে অংশ নিতে আর্জেন্টিনায় গিয়েছিলেন মেসি। ৬৮ বছর বয়সে গত রোববার মারা যান হোর্হে মেসি। তিনি শুধু মেসির বাবা ছিলেন না, দীর্ঘদিন তার এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বাবার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় ৩৯ বছর বয়সী মেসি শোকের পাশাপাশি ফুটবল চালিয়ে যাওয়া নিয়েও অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, বাবাকে ছাড়া কীভাবে এগিয়ে যাবেন, তা জানেন না; এমনকি দীর্ঘদিন আর ফুটবল খেলতে চান কি না, সেটি নিয়েও তার সংশয় রয়েছে।

এরপরও দলের প্রয়োজনের সময়ে লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার সিদ্ধান্ত নেন মেসি। তবে লিওনের বিপক্ষে ম্যাচটি শুরু থেকে খেলেননি তিনি; দ্বিতীয়ার্ধে মাঠে নামেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় মায়ামি। ৪২ মিনিটে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ড্যানিয়েল পিন্টার।

বিরতির পর অবশ্য দ্রুত ম্যাচে ফেরে লিওন। ৫০ মিনিটে কলম্বিয়ান মিডফিল্ডার ড্যানিয়েল আরসিলার গোলে সমতা ফেরে। তিন মিনিট পর আবারও এগিয়ে যায় মায়ামি। কর্নার থেকে পাওয়া বল বাঁ পায়ের শটে ওপরের বাঁ কোণে পাঠিয়ে ২-১ করেন ইয়ানিক ব্রাইট।

তবে মায়ামির সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে ২-২ করেন হুয়ান দোমিঙ্গেস। এরপর একাধিকবার এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে লিওন।

মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভো কয়েকটি দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখলেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি। ৮৩ মিনিটে আবারও গোল করেন আরসিলা। তাঁর গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় লিওন। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল করেছিলেন রেফারি। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআরের পরামর্শে সিদ্ধান্ত বদলে গোলটি বৈধ ঘোষণা করা হয়।

গ্রুপ পর্বের আগের ম্যাচে মেসিকে ছাড়া মন্তেরেইয়ের কাছে হেরেছিল মায়ামি। ফলে পরের রাউন্ডে যাওয়ার ক্ষীণ আশা ধরে রাখতে লিওনের বিপক্ষে জয় ছিল অপরিহার্য। কিন্তু হারের ফলে ২০২৩ সালে টুর্নামেন্টের পরিধি বাড়ার পর প্রথমবারের মতো লিগস কাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হলো ইন্টার মায়ামিকে।

মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর ২০২৩ সালে দলটি লিগস কাপের শিরোপা জিতেছিল। ২০২৫ সালেও ফাইনালে উঠেছিল তারা। তবে সেই ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হেরে রানার্সআপ হয় মায়ামি।