আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতে বাংলাদেশ দল পাঠানো নিয়ে নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ভেন্যু পরিবর্তনের প্রস্তাব দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রোববার (৪ জানুয়ারি) বিসিবির পরিচালনা পর্ষদের জরুরি সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভা শেষে আইসিসিকে পাঠানো এক চিঠিতে বিসিবি জানায়, বর্তমান প্রেক্ষাপটে ভারতের নির্দিষ্ট ভেন্যুগুলোতে দল পাঠানো নিয়ে নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ রয়েছে। বিকল্প হিসেবে ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।
বিসিবি সূত্র জানায়, আইপিএলে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলি এই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। ওই ঘটনায় একজন আন্তর্জাতিক ক্রিকেটারের নিরাপত্তা ও পেশাগত নিশ্চয়তা নিয়ে প্রশ্ন ওঠে বলে বোর্ড মনে করছে।
এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এক বক্তব্যে বলেন, কোনো দেশের মাটিতে যদি একজন ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে সংশয় থাকে, তাহলে সেটি পুরো দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তার এই মন্তব্যের পরই বিসিবি আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি উত্থাপন করে।
উল্লেখ্য, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা। রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের ম্যাচগুলো আগেই শ্রীলঙ্কায় নির্ধারণ করা হয়েছে। সেই দৃষ্টান্ত তুলে ধরেই বাংলাদেশও একই ধরনের ব্যবস্থা চেয়েছে বলে জানা গেছে। সূচি অনুযায়ী, বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা ছিল।
এদিকে, বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড ইতোমধ্যে আইসিসির কাছে জমা দিয়েছে বিসিবি। লিটন দাসের নেতৃত্বে ঘোষিত দলে সহ-অধিনায়ক হিসেবে আছেন সাইফ হাসান। তবে বিপিএলে পারফরম্যান্সের ভিত্তিতে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তনের সুযোগ থাকছে।
আইসিসি এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেটির ওপরই নির্ভর করছে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণের ভেন্যু চূড়ান্ত হওয়া।

