কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ সেই বন্য স্ত্রী হাতিটি পাঁচ ঘণ্টার চিকিৎসা শেষে পুরুষ সঙ্গীর সঙ্গে আবারও গভীর বনে ফিরে গেছে। শরীরের আটটি স্থানে গুলির ক্ষত নিয়ে যন্ত্রণায় কাতর হাতিটিকে চিকিৎসা দেওয়ার সময় একবারের জন্যও কাছ ছাড়েনি পুরুষ হাতিটি। চিকিৎসা শেষে স্ত্রী হাতিটি উঠে দাঁড়াতেই পাশে এসে দাঁড়ায় তার সঙ্গী। এরপর পুরুষ হাতিটিকে অনুসরণ করে ধীরে ধীরে বনের ভেতরে চলে যায় আহত হাতিটি।
বুধবার (১৮ নভেম্বর) টেকনাফের গভীর বনাঞ্চলে এ ঘটনা ঘটে। আহত হাতিটির শারীরিক অবস্থা ও গতিবিধি পর্যবেক্ষণে আগামী পাঁচ দিন ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। একই সঙ্গে হাতিটিকে গুলি করার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অনুসন্ধান শুরু হয়েছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তরিকুর রহমান জানান, আহত হাতিটির সন্ধানে মঙ্গলবার (১৭ নভেম্বর) বন বিভাগের একটি দল ড্রোন নিয়ে টেকনাফের গভীর বনাঞ্চলে অভিযান চালায়। বিকেলের দিকে একটি পাহাড়ের ওপর হাতিটির অবস্থান শনাক্ত করা হয়। তবে পাহাড়ের ওপর ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকায় সেখানে চিকিৎসা দিতে গেলে হাতিটি নিচে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল। এ কারণে সেদিন চিকিৎসা শুরু করা সম্ভব হয়নি।
তিনি জানান, বুধবার সকালে হাতিটি পাহাড় থেকে নিচে নেমে এলে চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়। সকাল ১১টার দিকে বন্যপ্রাণী চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল দূর থেকে বিশেষ ইনজেকশন প্রয়োগের মাধ্যমে চিকিৎসা শুরু করে। বিকেল ৪টা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা ধরে চিকিৎসা চলে।
বিভাগীয় বন কর্মকর্তা কাজী তরিকুর রহমান বলেন, ‘আহত হাতিটির শরীরে আটটি গুলির ক্ষতচিহ্ন পাওয়া গেছে। আমাদের ধারণা, পাহাড়ে অবস্থানরত কোনো সন্ত্রাসী গোষ্ঠী হাতিটিকে গুলি করেছে। কারা এবং কী কারণে হাতিটিকে গুলি করেছে, তা শনাক্ত করতে বন বিভাগ অনুসন্ধান শুরু করেছে।’
চিকিৎসা শেষে হাতিটির বনে ফিরে যাওয়ার ঘটনা তুলে ধরে তিনি বলেন, ‘চিকিৎসা শেষ হওয়ার পর পুরুষ হাতিটি আহত স্ত্রী হাতিটির পাশে এসে দাঁড়ায়। এরপর স্ত্রী হাতিটি উঠে দাঁড়িয়ে পুরুষ হাতিটিকে অনুসরণ করে গভীর বনের দিকে চলে যায়। আগামী পাঁচ দিন ড্রোনের মাধ্যমে হাতিটির গতিবিধি ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে।’
এর আগে সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে টেকনাফের বাহারছড়া পাহাড় থেকে আহত স্ত্রী হাতিটিকে সঙ্গে নিয়ে লোকালয়ে নেমে আসে পুরুষ হাতিটি। বাহারছড়ার জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় হাতি দুটিকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্ত্রী হাতিটির পেছনের ডান পায়ে গভীর ক্ষত ছিল। যন্ত্রণায় ঠিকমতো হাঁটতে পারছিল না সেটি। কিছুদূর হাঁটার পরপরই থেমে যাচ্ছিল। তবে পুরুষ হাতিটি এক মুহূর্তের জন্যও আহত সঙ্গীকে ছেড়ে যায়নি। স্ত্রী হাতিটি যেখানে থেমেছে, সেখানেই দাঁড়িয়ে থেকেছে। কখনো পাশে, কখনো পেছনে থেকে তাকে আগলে রেখেছে।
আহত সঙ্গীর প্রতি পুরুষ হাতিটির এমন আচরণ স্থানীয় বাসিন্দাদের আবেগাপ্লুত করে। বিষয়টি জানাজানি হলে হাতিটির দ্রুত চিকিৎসার দাবি ওঠে। পরে মঙ্গলবার ভোর থেকে বন্যপ্রাণী চিকিৎসকসহ বন বিভাগের প্রায় ৩০ জন কর্মী চারটি দলে বিভক্ত হয়ে পাহাড়ি বনাঞ্চলে অনুসন্ধান শুরু করেন। এ অভিযানে হাতি সুরক্ষা দলের সদস্য ও স্থানীয় সচেতন নাগরিকেরাও সহযোগিতা করেন। একপর্যায়ে ড্রোনের সাহায্যে আহত হাতিটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় বন বিভাগ।
বন বিভাগের কর্মকর্তারা জানান, হাতিটির শরীরে একাধিক গুলির ক্ষত পাওয়ায় ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পাহাড়ে সক্রিয় কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অনুসন্ধান শেষ হওয়ার আগে নির্দিষ্ট কাউকে বা কোনো গোষ্ঠীকে দায়ী করা যাচ্ছে না।
এদিকে চিকিৎসা শেষে পুরুষ সঙ্গীকে নিয়ে স্ত্রী হাতিটির বনে ফিরে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে আটটি গুলির ক্ষত নিয়ে আহত হাতিটির সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা নিয়ে উদ্বেগ কাটেনি। আগামী পাঁচ দিন ড্রোনে নজরদারির মাধ্যমে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, দ্রুত সুস্থ হয়ে উঠবে হাতিটি। একই সঙ্গে বন্যপ্রাণীর ওপর এমন নির্মম হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।


