কক্সবাজারের উখিয়ায় এসএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর অভিমান করে গলায় ফাঁস দিয়ে জুঁই বড়ুয়া (১৫) নামের এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া ফৈজা বাপের বাড়ি এলাকায় নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

নিহত জুঁই বড়ুয়া স্থানীয় ভালুকিয়া পালং উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। সে ওই এলাকার শংকর বড়ুয়ার মেয়ে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভালুকিয়া এলাকায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর অভিমান করে সে আত্মহত্যা করেছে।’

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরের একটি কক্ষে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে জুঁই। সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

ওসি আতিকুর রহমান মজুমদার আরও বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এদিকে ঘটনার বিষয়ে বক্তব্য জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।