আগামী ২২ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। কক্সবাজারের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা আরও আনন্দময় করে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে। আগামী ২২ নভেম্বর এক সপ্তাহের জন্য কার্নিভালের ‘ট্রায়াল ওপেনিং’ হবে। এ সময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের মানুষ কার্নিভাল প্রাঙ্গণ পরিদর্শনের সুযোগ পাবেন। পরে আয়োজন করা হতে পারে আনুষ্ঠানিক ‘মেগা ওপেনিং’।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে কক্সবাজারের হোটেল শৈবালে স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কার্নিভালের বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কার্নিভালটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে বাংলাদেশ পর্যটন করপোরেশন স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডকে বাস্তবায়ন সহযোগী হিসেবে দায়িত্ব দিয়েছে। পর্যটকদের বিনোদন, জ্ঞানচর্চা ও অ্যাডভেঞ্চারের কথা বিবেচনায় নিয়ে পুরো আয়োজনকে কয়েকটি বিশেষ জোনে সাজানো হচ্ছে। এর মধ্যে রয়েছে ওয়েলনেস, এক্সপেরিয়েন্স, ক্যাম্পিং, ওপেন থিয়েটার, ওপেন লাইব্রেরি ও টেলিস্কোপ, মার্কেট, এক্সিবিশন, গেমিং, কিডস, ফুড, গো-কার্ট ও স্পোর্টস জোন।

এছাড়া থাকবে অ্যাম্ফিথিয়েটার, বালু ভাস্কর্য, চিত্রকর্ম এবং সি-ভিউ বার-বি-কিউ জোন। এসব জোনে শারীরিক ও মানসিক প্রশান্তি, নতুন অভিজ্ঞতা, সমুদ্রের সান্নিধ্যে ক্যাম্পিং, সাংস্কৃতিক অনুষ্ঠান, বই পড়া, টেলিস্কোপের মাধ্যমে রাতের আকাশ দেখা, স্থানীয় পণ্যের কেনাকাটা, খেলাধুলা ও দেশি-বিদেশি খাবারের ব্যবস্থা থাকবে। হোটেল শৈবালের ভেতরে পুকুরের চারপাশেও থাকছে নানা দৃষ্টিনন্দন ও বিনোদনমূলক আয়োজন।

কার্নিভালের অন্যতম আকর্ষণ হিসেবে তৈরি করা হবে ১৫ থেকে ২০টি আন্তর্জাতিক মানের বালুর ভাস্কর্য। যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস থেকে আসা শিল্পীরা এসব ভাস্কর্য নির্মাণে অংশ নেবেন। হাতি, ইলিশ, জেলেদের জীবন, সুন্দরবনসহ বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্যের নানা বিষয় ফুটিয়ে তোলা হবে এসব শিল্পকর্মে। ষাটগম্বুজ মসজিদ, জাতীয় সংসদ ভবন, আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লার মতো ঐতিহাসিক স্থাপনাও স্থান পাবে বালুর ভাস্কর্যে।

প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা তুলে ধরার পরিকল্পনা রয়েছে। শিশুদের জন্য থাকবে আলাদা কিডস জোন। পাশাপাশি পরিবার নিয়ে সময় কাটানোর জন্য থাকবে খাবার, কেনাকাটা ও বিনোদনের ব্যবস্থা।

এ কার্নিভালের মাধ্যমে কক্সবাজারে পর্যটকদের অবস্থানকাল বাড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা। পাশাপাশি স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, উদ্যোক্তা ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হবে। কার্নিভাল সফল করতে স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল কবীর এবং কার্নিভালের বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান গাজী গোলাম সরওয়ারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।