ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তিনি নির্বাচিত হলেও শপথ গ্রহণ করতে পারবেন না বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকীর করা আপিল মঞ্জুর করে এ রায় ঘোষণা করা হয়। ১৫ জুন শুনানি শেষে আপিল বিভাগ রায়ের জন্য দিন ধার্য করেছিলেন।

রায় ঘোষণার পর আনোয়ার সিদ্দিকীর জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আপিল মঞ্জুর হওয়ায় আসলাম চৌধুরী অযোগ্য হয়ে গেছেন এবং তাঁর প্রার্থিতা বাতিল হয়েছে। ফলে ওই আসনের নির্বাচনী ফলাফল তাঁর ক্ষেত্রে প্রকাশ করা হবে না।

এর আগে, হাইকোর্টের দেওয়া আদেশে তাঁর প্রার্থিতা বহাল ছিল। তবে ঋণখেলাপির অভিযোগ এনে জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিকী আপিল বিভাগে আবেদন করেন।

গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ ওই লিভ টু আপিল মঞ্জুর করেন। আদেশে বলা হয়, যদি তিনি নির্বাচনে প্রার্থী হিসেবে সফল হন, তবে ফলাফল প্রকাশ আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

পরবর্তীতে ৩১ মার্চ পৃথক আপিল করা হয়। ২৮ এপ্রিল চেম্বার আদালত মামলাটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

চূড়ান্ত শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী ও প্রবীর নিয়োগী মতামত দেন।

জামায়াত প্রার্থীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে আসলাম চৌধুরীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন শুনানিতে অংশ নেন। ব্যাংক এশিয়া ও যমুনা ব্যাংকের পক্ষ থেকেও পৃথক আইনজীবীরা শুনানিতে অংশ নেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম–৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আসলাম চৌধুরী অংশ নিলেও তার ফলাফল আদালতের আদেশে স্থগিত ছিল।

সর্বশেষ রায়ের ফলে তার প্রার্থিতা বাতিল হওয়ায় ওই আসনে তার নির্বাচনী অবস্থান চূড়ান্তভাবে অবৈধ ঘোষণা করা হলো।