কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারী ও অপহরণকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানের পরও থেমে নেই অপহরণ ও মুক্তিপণ বানিজ্য। গত ছয়দিনে টেকনাফে শিশুসহ আরো দুইজনকে অপরহরণের ঘটনা ঘটেছে। মুক্তিপণের বিনিময়ে তাদেরকে উদ্ধার করেছে স্বজনরা। ফলে টেকনাফে এখনও অপহরণ আতংক ভুগছে সাধারণ মানুষ। 

সম্প্রতি পাহাড়ে যৌথ অভিযানের পর উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্যং ও মিনাবাজার এলাকায় পৃথক ২ জনকে অপহরণের পর মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয় পাহাড়ী সন্ত্রাসীরা। গত ৭ নভেম্বর রইক্যং এলাকার কৃষক জমিল হোছনের শিশু পুত্র রিহান(১১)কে অপহরণ করে দুর্বৃত্তরা। রিহান স্থানীয় বড়খিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র (১১)। তিন দিন পর ১ লাখ ৬০ হাজার টাকা মুক্তিপণে ছাড়া পায় শিশু রিহান।

মামা নুরুল কবিরের সাথে সেইদিন রইক্যং পুতিবিয়ার মিজ্জির ছরা নামক পাহাড়ী এলাকায় শখ করে ক্ষেত দেখতে গিয়েছিল সে। বিকালে মামা-ভাগিনা ফেরার পথে ৭-৮ জনের অস্ত্রধারী ডাকাত দল তাদের ঘিরে ফেলে। এ সময় রিহানের মামা হাতে থাকা দা দিয়ে আত্মরক্ষা করে দুর্বৃত্তদের কবল থেকে পালিয়ে এলেও ভাগিনা রিহানকে ধরে নিয়ে যায় তারা। 

এরপর পাহাড়ী আস্তানায় শিশুটিকে আটকে রেখে পরিবারের কাছে মুঠোফোনে সাত লাখ টাকা মুক্তিপণ দাবী করে দুর্বৃত্তরা। রিহানের মা দুর্বৃত্তদের কাছে দেন দরবার করতে থাকে টাকার অংক কমানোর জন্য। এভাবে তিনদিন অতিবাহিত হওয়ার পর এক লাখ ষাট হাজার টাকা বিকাশের মাধ্যমে অপহরণকারীদের নাম্বারে দেওয়ার পর বাহারছড়া ইউনিয়নের শীলখালীর পাহাড়ী এলাকায় ছেড়ে দেয় রিহানকে। 

রিহানের মা শামসুন্নাহার বেগম জানান, স্বামীর সাথে বিচ্ছেদের পর বেশ কয়েক বছর ধরে তিনি পৈত্রিক বাড়িতে সন্তানকে নিয়ে বসবাস করে আসছিলেন। কোন রকমে কষ্ট করে ছেলেটির মাদ্রাসায় পড়া লেখার খরচ চালিয়ে যাচ্ছিলেন। এর মাঝে ঘটলো অপহরণের ঘটনা। ছেলেকে সুস্থ অবস্থায় ফিরে পেতে তিনি কানের দুল বিক্রি করে দেন আর কিছু টাকা আত্মীয়দের কাছে থেকে ধার নেন। এভাবে তিনি অনেক কষ্টে মুক্তিপণের টাকা পরিশোধ করেছেন। এসময় তিনি পুলিশের সহযোগিতা পাননি বলে জানান। পুলিশের কাছে গেলে পুলিশ উল্টো ধমক দেয় বলে জানান তিনি।   শিশু রিহান জানান, দুর্বৃত্তরা তাকে হাত পিছমোরা করে বেঁধে মারধর করেছে। দিনে একবেলা খাবার দিতো। এসময় বেশ কয়েকবার স্থান বদল করে তারা। 

এছাড়া গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকার মুহাম্মদ সেলিমের ছেলে আবছারকে সিএনজি যোগে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। দুই দিন পাহাড়ে আটকে রেখে তাকে ব্যাপক নির্যাতন ও মারধর করে এবং তার পিতার কাছ থেকে ২ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করে। মুক্তিপণের বিনিময়ে গত বুধবার (১১ নভেম্বর) তাকে হোয়াইক্যং বাহারছরা ঢালা পথে ছেড়ে দেয়। 

সেলিম জানান, মিনাবাজার এলাকা থেকে সন্ধায় তিনি কক্সবাজার যাওয়ার জন্য সিএনজিতে উঠেন। এসময় সিএনজিতে অপর একজন যাত্রী ছিল। কিছুদুর যাওয়ার পর উনচিপ্রাং এলাকা থেকে আরেকজন যাত্রী উঠেন। পরে কিছুদুর যাওয়ার পর অস্ত্র ঠেকিয়ে তারা তাকে পাহাড়ে নিয়ে যায়। সেখানে দুইদিন আটকে রেখে মারধর করে পিতার কাছ থেকে দুই লক্ষ টাকা আদায় করেন। 

এব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাফিজের কাছে জানতে চাইলে জানান, অপহরণের দুই ঘটনায় কেউ মামলা দায়ের করেনি। এছাড়া কেউ অপহরণ হলে সহজে পুলিশের কাছে আসতে চাইনা ভয়ে। অপহরণকারীরা হুমকি দেয় যে পুলিশের কাছে গেলে অপহৃতকে তারা মেরে ফেলবে। ফলে সময়মতো খবর না পাওয়ায় পুলিশ অনেক সময় ঠিকমতো উদ্ধার অভিযান চালাতে পারেনা। তারপরও অপহরণ ঠেকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। 

উল্লেখ্য গত তিনবছরে টেকনাফে তিন শতাধিক অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে অধিকাংশ মুক্তিপণের বিনিময়ে ফিরে এসেছে। টেকনাফের পাহাড় সংলগ্ন হোয়াইক্যং, হ্নীলা ও বাহারছড়া ইউনিয়নের অন্তত দশ গ্রামের মানুষ অপহরণ আতংক নিয়ে বসবাস করে আসছে। এর মধ্যে পাহাড় সংলগ্ন এলাকায় বসবাসকারী পরিবার সবচেয়ে ভোগান্তিতে রয়েছে।   

সম্প্রতি টেকনাফে যৌথ বাহিনীর অভিযান চলাকালে মানবপাচারকারীদের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এরপর যৌথবাহিনী জোড়ালো অভিযান পরিচালনা করে যাচ্ছে। তারপরও পাহাড়কেন্দ্রিক অপরাধী চক্রের তৎপরতা থেমে নেই।