নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চট্টগ্রাম নগরে চালু হয়েছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। প্রাথমিকভাবে দুটি বাস নিয়ে শুরু হওয়া এ সার্ভিসের চালক ও সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) নগরীর কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় বেলুন উড়িয়ে বাস সার্ভিসটির উদ্বোধন করা হয়। কালুরঘাট বেতার কেন্দ্র এলাকা থেকে ফ্রি পোর্ট হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। পথে ১২টি নির্ধারিত পয়েন্টে নারী যাত্রীদের ওঠানামার সুযোগ থাকবে।

চালু হওয়া বাসের একটি দ্বিতল, যাতে রয়েছে ৭৫টি আসন। এতে একজন নারী চালক ও দুজন সহকারী থাকবেন। অপর বাসটিতে রয়েছে ৪৫টি আসন এবং এতে থাকবেন একজন নারী চালক ও একজন সহকারী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করা সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ। নারীরা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, কর্মজীবী নারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের গণপরিবহনে নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই এ সার্ভিসের মূল লক্ষ্য। পাশাপাশি বাসের চালক ও সহকারী হিসেবে নারীদের নিয়োগের মাধ্যমে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে।

তাদের মতে, নগরীর গণপরিবহনে ভিড়, আসন সংকট ও নিরাপত্তাজনিত নানা সমস্যায় নারীদের প্রায়ই ভোগান্তিতে পড়তে হয়। নারী চালক ও সহকারী পরিচালিত পৃথক বাস চালুর ফলে এসব সমস্যা কমবে বলে আশা করা হচ্ছে।

প্রাথমিকভাবে দুটি বাস দিয়ে কার্যক্রম শুরু হলেও যাত্রীদের চাহিদা ও অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে এ সার্ভিসের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক মাসুদ আলমসহ বিআরটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।