চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এতে জাহাজে থাকা ১২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৩০ জুন) ভোরে চট্টগ্রাম নেভাল একাডেমির বিপরীতে নদীর অংশে এ দুর্ঘটনা ঘটে।

কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভোর সাড়ে পাঁচটার দিকে নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে ‘এমভি বে হারবার-২’ নামের একটি লাইটার জাহাজ আংশিক ডুবে যায়। জাহাজটি পাথর বোঝাই ছিল।

দুর্ঘটনার পরপরই কোস্টগার্ড সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। শুরুতে ৮ জনকে এবং পরে আরও ৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের জনসংযোগ শাখা হোয়াটসঅ্যাপ বার্তায় জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করা হয় এবং সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

চট্টগ্রাম বন্দরের মুখপাত্র ও চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিন জানান, দুর্ঘটনা সত্ত্বেও বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে এবং বন্দরে জাহাজ আসা-যাওয়ায় কোনো সমস্যা হচ্ছে না।

বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, লাইটার জাহাজটি বে হারবার লিমিটেডের। দুর্ঘটনার পর জাহাজটি উদ্ধারে মালিকপক্ষ কাজ করছে।