বান্দরবান জেলা প্রশাসনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পর্যটনসংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তিকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে জেলা প্রশাসন। ওই বিজ্ঞপ্তিতে রুমা ও থানচি উপজেলার বিভিন্ন পর্যটন গন্তব্যে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারির দাবি করা হলেও প্রশাসন জানিয়েছে, জেলায় কোনো ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সোমবার (২২ জুন) ছড়িয়ে পড়া কথিত গণবিজ্ঞপ্তিতে দাবি করা হয়, সীমান্ত এলাকায় একটি সশস্ত্র সংগঠনের তৎপরতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে রুমার বগালেক, কেওক্রাডং, সংসংপাড়া এবং থানচি উপজেলার সব পর্যটনকেন্দ্র ২২ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার পরিচয়ে মোহাম্মদ সাজ্জাদ হোসেন নামে একজনের স্বাক্ষরও সংযুক্ত করা হয়। তবে বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পর্যটক ও পর্যটনসংশ্লিষ্টদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। অনেকে গণমাধ্যমকর্মীদের কাছে বিজ্ঞপ্তির সত্যতা জানতে যোগাযোগ করেন।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস জানান, প্রচারিত গণবিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া। পরে মঙ্গলবার তিনি একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
জরুরি বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক উল্লেখ করেন, জেলা প্রশাসনে “স্থানীয় সরকার ও আইনশৃঙ্খলা শাখা” নামে কোনো শাখা নেই। একই সঙ্গে মোহাম্মদ সাজ্জাদ হোসেন নামে কোনো কর্মকর্তাও জেলা প্রশাসনে কর্মরত নন। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
জেলা প্রশাসন জানিয়েছে, বান্দরবান জেলার কোথাও পর্যটকদের জন্য নতুন কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়নি। এ ধরনের গুজব বা ভুয়া তথ্য প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি সরকারি তথ্যের জন্য জেলা প্রশাসনের নির্ভরযোগ্য সূত্র অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।


