বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঘরোয়া ক্রিকেটের বড় নাম শুভাগত হোম চৌধুরী। অতীতেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নেতৃত্ব দেওয়া এই অলরাউন্ডারকে এবারের আসরের জন্যও অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

গত মৌসুমে চট্টগ্রামকে নেতৃত্ব দিয়ে ১৭০ রান করার পাশাপাশি ৯ উইকেট শিকার করেন শুভাগত। টি-টোয়েন্টি ক্রিকেটে ১২৬ ম্যাচ খেলা এই ৩৭ বছর বয়সী ক্রিকেটার ১ হাজার ৪৩৭ রান ও ৫০ উইকেটের মালিক। গত বছর চট্টগ্রাম খুব একটা সুবিধা করতে না পারলেও শুভাগতর নেতৃত্বেই এবার ভালো কিছু করার স্বপ্ন দেখছে সাগরপাড়ের দলটি।

আগামী শুক্রবার (১৯ জানুয়ারি) শুরু হবে বিপিএলের ১০ম আসর, যার উদ্বোধনী দিনেই মাঠে নামবে চট্টগ্রাম। আসরের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স, যে ম্যাচের ভেন্যু 'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

একনজরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড 

দেশি খেলোয়াড়: শুভাগত হোম (অধিনায়ক), জিয়াউর রহমান, নিহাদউজ্জামান, শহীদুল ইসলাম, তানজিদ হাসান, আল আমিন হোসেন, সৈকত আলী, ইমরানুজ্জামান, শাহাদাত হোসেন, সালাউদ্দিন শাকিল, হুসনা হাবিব।

বিদেশি খেলোয়াড়: কুশল মেন্ডিস, আভিস্কা ফার্নান্ডো, মোহাম্মদ হারিস, নজিবউল্লাহ জাদরান, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ হাসনাইন, স্টিভ এসকিনাজি, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান।

 

-পার্বত্য সময়