অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও তাৎক্ষণিক প্রস্তুতি নিশ্চিত করতে খাগড়াছড়ি সদর উপজেলার স্বনির্ভর বাজারে অগ্নিনির্বাপণবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০১ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহযোগিতায় এ মহড়া পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের কর্মকর্তা ক্যাপ্টেন জিসান উপস্থিত ছিলেন।

মহড়ায় অগ্নিকাণ্ডের সময় দ্রুত আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি, গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা নির্বাপণের কৌশল এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম বাস্তবসম্মতভাবে প্রদর্শন করা হয়। পাশাপাশি আগুন লাগার পর আতঙ্কিত না হয়ে তাৎক্ষণিক করণীয়, নিরাপদে ঘটনাস্থল ত্যাগ এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

এ সময় স্বনির্ভর বাজার কমিটির সভাপতি রনিক ত্রিপুরা, সাধারণ সম্পাদক সুশান্ত চাকমা, বাজারে আসা সাধারণ মানুষ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক মহড়ার মাধ্যমে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের সচেতনতা, দক্ষতা ও তাৎক্ষণিক প্রস্তুতি বাড়বে। একই সঙ্গে দুর্ঘটনার ঝুঁকি কমাতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।