টানা ১০ দিন ধরে চলা অবরোধের পর ১২ ঘণ্টার জন্য শিথিল করা হচ্ছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকের সড়ক অবরোধ কর্মসূচি। আগামী ১ নভেম্বর (রোববার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য এ শিথিলতা কার্যকর থাকবে। তবে নির্ধারিত সময় শেষে আবারও অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের পক্ষে বাবুধন চাকমা ও নতুন জয় চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকার সাধারণ মানুষের জরুরি ও মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ১ নভেম্বর ১২ ঘণ্টার জন্য সড়ক অবরোধ শিথিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সাজেক এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান নির্বিঘ্নে ও সুন্দরভাবে উদ্যাপনের সুযোগ করে দিতেও আলোচনা সাপেক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ১২ ঘণ্টার নির্ধারিত সময় শেষ হওয়ার পর আগের মতোই অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, পাঁচ দফা দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে গত ২২ অক্টোবর থেকে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ চলছে। এতে সাজেকের পর্যটন, পরিবহন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি খাদ্যপণ্য ও জরুরি ওষুধ সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।


