খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ধামাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ (প্রসীত) দলের এক সদস্যকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র প্রদর্শন, ধর্ষণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে গুইমারা রিজিয়নের একটি টহল দল ধামাইপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সবিমহন ত্রিপুরা (৩৮) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটকের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি (লং গান) ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয় বলে জানা গেছে।

জানা গেছে, সবিমহন ত্রিপুরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন, স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি দেখানো, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে ধর্ষণেরও অভিযোগ রয়েছে।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে গুইমারা রিজিয়ন সদরে নেওয়া হয়। পরে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

মাটিরাঙ্গা থানা সূত্রে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র, ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।