বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আজ রোববার (৫ জুলাই) তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটকে ঘরোয়া আয়োজনে বিয়ে করছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ে আমির খানের নিজ বাসভবনেই অনুষ্ঠিত হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা। এতে উপস্থিত থাকছেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের মিলিয়ে প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথি। জাঁকজমকপূর্ণ আয়োজন না করে একেবারেই ব্যক্তিগত পরিসরে অনুষ্ঠানটি সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি।

বিয়ের সব পরিকল্পনা—অতিথি তালিকা থেকে শুরু করে খাবারের মেনু পর্যন্ত—নিজেরাই করেছেন আমির খান ও গৌরী স্প্র্যাট। অতিথিদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের ব্যবস্থাও রাখা হয়েছে, যেখানে দুজনের পছন্দের খাবারই প্রাধান্য পেয়েছে।

অনুষ্ঠানে আমির খানের সন্তানরা—জুনায়েদ খান, ইরা খান ও আজাদ রাও খান উপস্থিত থাকছেন। এছাড়া পরিচালক আশুতোষ গোয়ারিকর ও রাজকুমার হিরানিসহ ঘনিষ্ঠ কয়েকজন সহকর্মীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার মুম্বাইয়ে একটি প্রচারণা অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমবার বিয়ের খবর নিশ্চিত করেন আমির খান। তিনি জানান, এটি একেবারেই ছোট পরিসরের আয়োজন এবং পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হচ্ছে।

গৌরী স্প্র্যাটের সঙ্গে আমির খানের পরিচয় প্রায় ২৫ বছরের পুরোনো। দীর্ঘ বিরতির পর কয়েক বছর আগে তাঁদের পুনরায় যোগাযোগ শুরু হয়, যা ধীরে ধীরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

চলতি বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবার গৌরীকে জনসমক্ষে পরিচয় করিয়ে দেন আমির। তিনি বিভিন্ন সময়ে জানিয়েছেন, জীবনের এই পর্যায়ে এসে গৌরীর সঙ্গে তিনি মানসিক শান্তি ও স্থিতি খুঁজে পেয়েছেন।

বেঙ্গালুরুতে বেড়ে ওঠা গৌরী স্প্র্যাট একজন উদ্যোক্তা ও লাইফস্টাইল পেশাজীবী। তিনি দীর্ঘদিন একটি বিউটি ও স্যালন চেইনের সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে আমির খান প্রোডাকশনস-এর সঙ্গেও কাজ করছেন। আগের সংসারে তাঁর একটি সন্তান রয়েছে।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে তিনি রিনা দত্তকে বিয়ে করেন এবং ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরবর্তীতে ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন তিনি, যার বিচ্ছেদ ঘোষণা আসে ২০২১ সালে। তবে বিচ্ছেদের পরও তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সন্তানদের সহ-অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন।