অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মৃত্যুসংবাদ পৌঁছানোর পরপরই তার মা’র কাছে ছুটে যান স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় কলকাতায় এই খবর পৌঁছালে তিনি দ্রুত পাটুলির বাসায় শাশুড়ির পাশে গিয়ে দাঁড়ান।
ঘনিষ্ঠ সূত্র জানায়, সে সময় প্রিয়াঙ্কা ‘তারকাটা’ সিনেমার পোস্টার শুটে ব্যস্ত ছিলেন। হঠাৎ এই খবর পেয়ে সব কাজ ছেড়ে দ্রুত বেরিয়ে আসেন তিনি। আকস্মিক এই পরিস্থিতিতে সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়ায় তাদের ১৩ বছরের ছেলে সহজকে কীভাবে বিষয়টি জানাবেন এবং সামলাবেন।
পরে তিনি গল্ফগ্রিনের বাসায় ফিরে ছেলেকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেন। তবে দিঘায় গিয়ে স্বামীর মরদেহের কাছে যাবেন, নাকি ছেলেকে নিয়ে বাড়িতেই থাকবেন- এই সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নেন তিনি।
২০১০ সালে বিয়ে করেন রাহুল ও প্রিয়াঙ্কা। ২০১৩ সালে তাঁদের পুত্র সহজের জন্ম হয়। সম্প্রতি বাবার সঙ্গে একটি পডকাস্টেও দেখা গিয়েছিল সহজকে।
এই শোকের সময়ে সামাজিক মাধ্যমে প্রিয়াঙ্কা লেখেন, “আমাদের জন্য এটা খুবই দুঃখের সময়। এই সময়টাতে আমাদের একটু একা থাকতে দিন।”
এদিকে, প্রিয়াঙ্কার পাশে দাঁড়াতে ছুটে আসেন প্রযোজক নীলাঞ্জনা শর্মা। তিনি দীর্ঘদিন ধরে এই পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

