মুম্বাইয়ের ১০৮ বছরের পুরোনো অলিম্পিয়া কফি হাউসে চা খেতে এসেছিলেন হলিউডের তিন বড় তারকা—‘স্পাইডার–ম্যান’খ্যাত টম হল্যান্ড, অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ও অভিনেতা ম্যাট ডেমন। তবে প্রথমে তাদের কাউকেই চিনতে পারেননি রেস্তোরাঁর মালিক ও কর্মীরা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির পর ক্যাফের ব্যবস্থাপক ইনায়াত মারেদিয়া জানতে পারেন, সাধারণ অতিথি ভেবে যাদের চা পরিবেশন করেছেন, তারা আসলে বিশ্বখ্যাত তারকা।
ইনায়াত জানান, অতিথিদের পরিচয় সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। ওই দিন বিকেল থেকেই কয়েকজন সহযোগী ক্যাফের বাইরে অপেক্ষা করছিলেন। পরে গুগলে খুঁজে তারা জানতে পারেন, তাদের অতিথিদের একজন হলেন ‘স্পাইডার–ম্যান’ চরিত্রে অভিনয় করা টম হল্যান্ড এবং অন্য দুজন হলেন ক্রিস্টোফার নোলান ও ম্যাট ডেমন।
তিনি বলেন, ‘আমরা জানতামই না তারা এত বড় তারকা। পরে গুগলে খুঁজে জানতে পারি, টম হল্যান্ডই সেই স্পাইডার–ম্যান অভিনেতা।’
চা, বান মাস্কা আর কয়েক মিনিটের বিরতি
ঘটনাটি ঘটে গত সপ্তাহের এক সন্ধ্যায়। নোলান, হল্যান্ড ও ডেমন অলিম্পিয়া কফি হাউসে গিয়ে চা, বান মাস্কা ও হালকা কিছু নাশতা করেন।
ক্যাফের ব্যবস্থাপক জানান, তাঁরা একেবারেই সাধারণভাবে বসেছিলেন এবং প্রায় ১০ থেকে ১৫ মিনিট সেখানে অবস্থান করেন। পরে তাঁদের নিরাপত্তারক্ষী ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে বাইরে ভিড় জমতে শুরু করে।
তিন তারকার সেই মুহূর্তের ছবি পরে প্রকাশ করে ইউনিভার্সাল পিকচার্স ইন্ডিয়া। ছবির ক্যাপশনে লেখা হয়, ‘দ্য অডিসি’র মুম্বাই প্রিমিয়ারের আগে এক কাপ চা।’
ছবিতে দেখা যায়, নোলান, হল্যান্ড ও ডেমন টেবিলে বসে চা, বান মাস্কা ও মিষ্টান্ন উপভোগ করছেন। মুহূর্তেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
‘দ্য অডিসি’ নিয়ে মুম্বাই সফরে নোলান
ক্রিস্টোফার নোলান তার নতুন সিনেমা ‘দ্য অডিসি’-এর প্রচারণার অংশ হিসেবে মুম্বাই সফর করছেন। প্রিমিয়ারের আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বহু বছর ধরেই আবার মুম্বাইয়ে আসার ইচ্ছা ছিল তাঁর।
নোলানের ভাষ্য, বিশ্বের খুব কম জায়গাতেই তিনি সিনেমার প্রতি দর্শকদের এমন গভীর ভালোবাসা দেখেছেন।
হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য অডিসি’ প্রযুক্তিগত দিক থেকেও আলোচিত। এটি ইতিহাসের প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র, যা সম্পূর্ণভাবে আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে।
সিনেমাটিতে টম হল্যান্ড ও ম্যাট ডেমন ছাড়াও অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, জেনডায়া, লুপিতা নিয়ঙ্গ, শার্লিজ থেরনসহ হলিউডের আরও অনেক তারকা।
নোলানের আগের সিনেমা ‘ওপেনহাইমার’ বিশ্বব্যাপী প্রায় ৯৫৯ মিলিয়ন ডলার আয় করে সাতটি অস্কার জিতেছিল। ফলে ‘দ্য অডিসি’ নিয়েও দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।


