মুখে একগাল হাসি, টুকটুকে গায়ের রং—দেখতে যেন একেবারেই ছোট্ট কোয়েলের প্রতিচ্ছবি। দীর্ঘদিন আড়ালে রাখার পর সপ্তমীর দিনে অবশেষে প্রথমবার মেয়ে কাব্যকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী কোয়েল মল্লিক ও তার স্বামী, প্রযোজক নিসপাল সিং রানে।
এর আগে ছেলে কবীরকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন কোয়েল-রানে দম্পতি। সেই থেকে অনুরাগীদের কৌতূহল ছিল, কবে দেখা মিলবে তাদের কন্যার। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল দুর্গাপুজোর বিশেষ মুহূর্তে। বাড়ির পুজোর আচার-অনুষ্ঠানে মাকে আঁকড়ে ধরে কাব্য যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছিল। মা-মেয়ের পোশাকেও ছিল সুন্দর রঙের মিল।

কোয়েল পরিবারের চারজনকে একসঙ্গে দেখা গেল সপ্তমীর দিনে। কোয়েল, নিসপাল, ছেলে কবীর ও নতুন অতিথি কাব্য—সবাইকে নিয়ে ফ্রেমবন্দি হয়ে ভক্তদের উদ্দেশে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী। ছবিতে দেখা গেল, আহ্লাদি কাব্য মায়ের কোলে যেন আনন্দে ভরে উঠেছে।

২০২৪ সালে দেবীপক্ষেই দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার সুখবর জানিয়েছিলেন কোয়েল। সেদিন স্বামী নিসপাল এবং ছেলে কবীরের সঙ্গে হাসিমুখে ছবি দিয়ে লিখেছিলেন—“পরিবার বড় হতে চলেছে, কবীর শিগগিরই বড় দাদার দায়িত্ব পাবে।” সেই প্রতিশ্রুতিই পূর্ণ হলো কন্যাসন্তান কাব্যের জন্মের মধ্য দিয়ে।
২০২০ সালে অতিমারির মাঝেই মে মাসে জন্ম হয় তাদের প্রথম সন্তান কবীরের। সেই বছর মহাষ্টমীর দিনই ছেলের নাম প্রথমবার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন কোয়েল। ঠিক চার বছরের ব্যবধানে ফের দ্বিতীয়বার মাতৃত্বের সুখবর শেয়ার করলেন তিনি।

সাত বছরের প্রেমের পর ২০১৩ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী কোয়েল মল্লিক ও প্রযোজক নিসপাল সিং রানে। বিয়ের পর থেকেই টলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে পরিচিত এই জুটি। এবার কন্যা কাব্যের আগমনে তাদের সংসার যেন আরও পূর্ণতা পেল।

