যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২২ জুন) তিনি জানান, তিনি লেবার পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। যার ফলে দেশের প্রধানমন্ত্রী পদেও পরিবর্তন আসবে।

স্টারমারের ওপর কয়েক সপ্তাহ ধরেই পদত্যাগের চাপ বাড়ছিল। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন লেবার পার্টির ভেতর থেকেই তার প্রতিদ্বন্দ্বী হিসেবে সাবেক ম্যানচেস্টার মেয়র অ্যান্ডি বার্নহাম প্রকাশ্যে নেতৃত্বের চ্যালেঞ্জ জানান।

এর আগে, স্টারমার পদে থাকার অঙ্গীকার করলেও দলীয় সমর্থন কমে যাওয়ায় তার অবস্থান টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। বার্নহাম মেয়র পদ ছাড়ার পর সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন, যা তাকে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আনুষ্ঠানিকভাবে যোগ্য করে তোলে।

মাত্র দুই বছরের কম সময় আগে বিপুল বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসা লেবার সরকারের জন্য এটি একটি বড় রাজনৈতিক মোড়। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনেও সরকারের প্রতি অসন্তোষ স্পষ্ট হয়ে ওঠে।

১০ ডাউনিং স্ট্রিটের বাইরে দেওয়া বক্তব্যে স্টারমার বলেন, দল এখন মনে করছে পরবর্তী নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি সবচেয়ে উপযুক্ত নন। তিনি বলেন, দেশের স্বার্থকে সর্বাগ্রে রেখে তিনি সব সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, ‘আমি লেবার পার্টির নেতা হিসেবে পদত্যাগ করব।’

বক্তব্যের শেষদিকে নিজের সন্তানদের কথা বলতে গিয়ে স্টারমার আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাদেরকে নিজের জীবনের গর্ব ও আনন্দ বলে উল্লেখ করেন।