মিয়ানমার সরকারের প্রধান মিন অং হ্লাইং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে দেশের সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি দিয়েছেন। মিয়ানমার ইস্যুতে আসিয়ানের সর্বশেষ সম্মেলনের বিবৃতিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে তিনি জোটের তিনটি সদস্য দেশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন।
বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানী নেপিদোতে পার্লামেন্টে এক ভাষণে তিনি এসব মন্তব্য করেন। খবর মিয়ানমার নাওয়ের।
চলতি বছরের শুরুতে সামরিক শাসনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের পর পার্লামেন্টে সামরিক সরকারসমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) প্রাধান্য রয়েছে।
মিন অং হ্লাইং দাবি করেন, মিয়ানমার নিয়ে আসিয়ানের অবস্থান জোটের সব সদস্য দেশের মতামতের প্রতিফলন নয়। বরং তিনটি সদস্য দেশের পক্ষপাতমূলক মনোভাবের কারণে এমন অবস্থান নেওয়া হয়েছে। তবে ওই তিনটি দেশের নাম তিনি উল্লেখ করেননি।
২০২১ সালের এপ্রিলে সামরিক অভ্যুত্থানের মাত্র তিন মাসেরও কম সময় পর আসিয়ান গৃহীত পাঁচ দফা ঐকমত্যেও (ফাইভ-পয়েন্ট কনসেনসাস) তিনি কখনো সম্মতি দেননি বলে দাবি করেন তিনি।
আসিয়ানের দীর্ঘদিনের ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার’ নীতি থেকেও জোটটি বেছে বেছে সরে আসছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, আসিয়ানের অন্য সদস্য দেশগুলোর তুলনায় মিয়ানমারের সঙ্গে ভিন্ন আচরণ করা হচ্ছে।
এছাড়া আসিয়ানের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, মিয়ানমার প্রতিবছর জোটটিকে প্রায় ১০ লাখ মার্কিন ডলার সদস্য ফি দিয়ে আসছে।
২০২৫ সালের মার্চে ভয়াবহ ভূমিকম্পের পর আসিয়ানের কাছ থেকে মিয়ানমার মাত্র ৩ কোটি ১০ লাখ ডলারের সহায়তা পেয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে ওই দুর্যোগের পর বিশ্বব্যাংক থেকেও কোনো ঋণ পাওয়া যায়নি বলে উল্লেখ করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে মিয়ানমারের পাওয়া সহযোগিতার সীমাবদ্ধতা তুলে ধরতেই তিনি এসব পরিসংখ্যান উল্লেখ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
চলতি সপ্তাহে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে মিয়ানমার বিষয়ে জোটের নেতারা নিজেদের আগের অবস্থান পুনর্ব্যক্ত করার পর মিন অং হ্লাইংয়ের এই বক্তব্য সামনে আসে। সম্মেলনে মিয়ানমার সরকারের রাজনৈতিক প্রতিনিধিদের উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণের ওপর বিদ্যমান বিধিনিষেধ বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের রাজনৈতিক সংকট সমাধানে কার্যকর অগ্রগতি আনতে পারেনি আসিয়ান। সর্বশেষ এই বিরোধের ফলে জোটটির সঙ্গে মিয়ানমারের ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
২০২১ সালের এপ্রিলে জাকার্তায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে মিন অং হ্লাইং নিজেও অংশ নিয়েছিলেন। ওই সম্মেলনেই পাঁচ দফা ঐকমত্য গৃহীত হয়। এতে অবিলম্বে সহিংসতা বন্ধ, সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সংলাপ, আসিয়ানের বিশেষ দূত নিয়োগ, মানবিক সহায়তা প্রদান এবং বিশেষ দূতের মিয়ানমার সফরের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।
তবে এই ঐকমত্যের পরও জান্তা সরকার প্রতিরোধ বাহিনী ও বেসামরিক জনগণের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখে। পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে অর্থবহ অগ্রগতি না হওয়ায় বারবার হতাশা প্রকাশ করে আসিয়ান।
এরপর আসিয়ানের শীর্ষ সম্মেলন এবং পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মিন অং হ্লাইংসহ মিয়ানমার সরকারের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়। এসব বৈঠকে মিয়ানমারের প্রতিনিধিত্বের সুযোগ রাখা হয় কেবল অরাজনৈতিক কর্মকর্তাদের জন্য।
চলতি বছরের শুরুতে সামরিক শাসনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের পর মিন অং হ্লাইং প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করলেও আসিয়ান তাদের এই বিধিনিষেধ বহাল রেখেছে।
গত ১৫ নভেম্বর গৃহীত এক বিবৃতিতে আসিয়ান নেতারা মিয়ানমারে বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতার নিন্দা জানান। একই সঙ্গে পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে অর্থবহ অগ্রগতি না হওয়া পর্যন্ত দেশটির রাজনৈতিক প্রতিনিধিদের অংশগ্রহণের ওপর বিধিনিষেধ বহাল রাখার সিদ্ধান্ত নেন।
তবে বিবৃতিতে এটিও বলা হয়েছে, শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ধারাবাহিক অগ্রগতি হলে ধীরে ধীরে আসিয়ানে মিয়ানমারের পূর্ণ রাজনৈতিক অংশগ্রহণ পুনরুদ্ধারের সুযোগ রয়েছে।
সাম্প্রতিক সময়ে আসিয়ানের কয়েকটি সদস্য দেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছিলেন মিন অং হ্লাইং। এসব দেশের মধ্যে এমন কয়েকটি দেশও রয়েছে, যারা মিয়ানমারের সামরিক সরকারসমর্থিত প্রশাসনের সঙ্গে আরও বেশি সম্পৃক্ততার পক্ষে অবস্থান নিয়েছে।
এ অবস্থায় আসিয়ানের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি দুই পক্ষের মধ্যে বিরোধকে আরও বাড়িয়ে তুলেছে। তবে এখন পর্যন্ত আসিয়ান থেকে মিয়ানমারের আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার বিষয়ে কোনো ঘোষণা দেননি হ্লাইং।


