মিয়ানমারের সেনাবাহিনী-সমর্থিত সরকার গত ২১ নভেম্বর আসিয়ানের সিদ্ধান্তকে ‘অন্যায্য ও ভারসাম্যহীন’ বলে আখ্যা দিয়েছে। একই সঙ্গে আঞ্চলিক জোটটির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছে দেশটি। আসিয়ান সম্মেলনে মিয়ানমারকে পূর্ণ প্রতিনিধিত্বের সুযোগ না দেওয়ায় এ প্রতিক্রিয়া জানায় দেশটির সরকার।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ম্যানিলায় অনুষ্ঠিত ৪৯তম আসিয়ান সম্মেলনে গৃহীত সিদ্ধান্তে দেশটির নেওয়া ইতিবাচক পদক্ষেপগুলো যথাযথভাবে প্রতিফলিত হয়নি।

সম্মেলনে আসিয়ান নেতারা জানান, মিয়ানমার যদি দেশটির চলমান সংকট নিরসনে ঘোষিত পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে অগ্রগতি দেখাতে পারে, তাহলে ধীরে ধীরে দেশটির পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

তবে আসিয়ান সম্মেলনে মিয়ানমারের অংশগ্রহণ সীমিত রাখাকে বৈষম্যমূলক বলে উল্লেখ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের মতামত বারবার উপেক্ষা করা হয়েছে এবং দেশটির সমান অধিকার ও পূর্ণ প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি।

বিবৃতিতে আরও দাবি করা হয়, মিয়ানমারে কোনো রাজনৈতিক বন্দি নেই। সামরিক অভ্যুত্থানের পর থেকে ১ লাখ ২৬ হাজারের বেশি বন্দিকে ক্ষমা বা সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হয়েছে বলেও দাবি করে সরকার।

তবে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী, সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে হাজার হাজার রাজনৈতিক বন্দিকে কারাগারে আটক রাখা হয়েছে।

এর আগে, গত ১৮ নভেম্বর পার্লামেন্টে দেওয়া বক্তব্যে সামরিক বাহিনী-সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং বলেছিলেন, তার প্রশাসন আসিয়ানের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করছে। তবে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে মিয়ানমার।

উল্লেখ্য, নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চির নির্বাচিত সরকারকে ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকেই মিয়ানমারে অস্থিরতা চলছে। এর জেরে দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এ সংঘাতে প্রায় এক লাখ মানুষ নিহত হয়েছেন এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: রয়টার্স