জাতিসংঘের জলবায়ু সম্মেলনের (কপ-৩১) সম্ভাব্য চূড়ান্ত চুক্তির নতুন খসড়ায় জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ জীবাশ্ম জ্বালানির (ফসিল ফুয়েল) কোনো উল্লেখ নেই। এমনকি কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়েও সুনির্দিষ্ট কোনো অঙ্গীকার রাখা হয়নি।
তুরস্কের আন্তালিয়ায় দুই সপ্তাহব্যাপী এই সম্মেলনের সভাপতি ও দেশটির পরিবেশমন্ত্রী মুরাত কুরুম রোববার (রাত ৩টার পর) চুক্তির নতুন খসড়াটি প্রকাশ করেন। এতে সংশোধনী বা আপত্তি জানানোর জন্য আলোচকদের মাত্র তিন ঘণ্টা সময় দেওয়া হয়। এরপর খসড়াটি সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে উপস্থাপনের কথা রয়েছে।
চুক্তিটি অনুমোদনের জন্য প্রায় সর্বসম্মত সমর্থন প্রয়োজন। তবে আলোচনার শুরু থেকেই কয়েকটি দেশ চূড়ান্ত চুক্তিতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের অঙ্গীকার না রাখার বিষয়ে তীব্র আপত্তি জানিয়ে আসছে।
অন্যদিকে, নতুন খসড়ায় কার্বন নিঃসরণ ধরে সংরক্ষণের প্রযুক্তির জন্য সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ প্রযুক্তিটি তেল ও গ্যাসশিল্পের সমর্থনপুষ্ট।
সম্মেলনের নির্ধারিত সময় শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও আলোচনা ইতোমধ্যে অতিরিক্ত সময়ে গড়িয়েছে। রোববার ভোররাতে খসড়াটি প্রকাশিত হওয়ায় বিভিন্ন দেশ ও পরিবেশবাদী সংগঠন তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারেনি। আলোচকরা সম্মেলন ছেড়ে চলে গেলে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করা কঠিন হতে পারে। এতে চুক্তি অনুমোদনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগে পানামা ঘোষণা দিয়েছিল, চূড়ান্ত চুক্তিতে তেল উৎপাদনে সীমা নির্ধারণ, বৈশ্বিক উষ্ণতা সীমিত রাখার লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার বিষয়টি স্বীকার এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় দরিদ্র দেশগুলোর অর্থায়ন বাড়ানোর অঙ্গীকার না থাকলে তারা আনুষ্ঠানিক আপত্তি জানাবে।
পানামার পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারো অভিযোগ করেন, ‘পেট্রোলিয়াম মাফিয়া’ জলবায়ু আলোচনা জিম্মি করে রেখেছে। তাঁর মতে, জাতিসংঘের জলবায়ু আলোচনাপদ্ধতিতে সংস্কার প্রয়োজন।
ইউরোপীয় থিঙ্কট্যাংক ‘ই৩-জি’-এর দীর্ঘদিনের জলবায়ু বিশ্লেষক অ্যালডেন মেয়ার বলেন, গত ২৫ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন জলবায়ু সম্মেলনের চূড়ান্ত সিদ্ধান্তে জীবাশ্ম জ্বালানির বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। এর পেছনে প্রধানত সৌদি আরবের আপত্তি কাজ করেছে।
তবে ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ সম্মেলনে বিশ্বনেতারা জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার বিষয়ে একমত হয়েছিলেন।
মেয়ার বলেন, ‘তিন বছর আগে আমরা যে অঙ্গীকার করেছিলাম, সেটি বাস্তবায়নে আমরা আন্তরিক-এমন কোনো বার্তা ছাড়াই যদি এখান থেকে বেরিয়ে আসি, তাহলে তা হবে বড় ধরনের পশ্চাৎপসরণ।’
নতুন খসড়ার প্রথম লাইনে ২০২৩ সালের সংযুক্ত আরব আমিরাতের ঐকমত্যের সম্পূর্ণ বিষয়বস্তু স্মরণ করার কথা বলা হয়েছে। কিন্তু ১০ পৃষ্ঠার পুরো নথিতে ‘ফসিল’, ‘তেল’, ‘কয়লা’ কিংবা ‘ব্যবহার বন্ধ’- এ ধরনের কোনো শব্দ নেই।
২০৩৫ সালের মধ্যে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্য
চুক্তির খসড়ায় ২০৩৫ সালের মধ্যে মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বর্তমানের প্রায় ২১ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ লক্ষ্য বাস্তবায়নে গাড়ি, ট্রাক ও উড়োজাহাজের মতো পরিবহনব্যবস্থায় জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর কথা বলা হয়েছে। এটি তুরস্কের সম্মেলনকেন্দ্রিক অন্যতম প্রধান উদ্যোগ।
তবে জলবায়ু আন্দোলনকারীরা চাইছেন, এই বিদ্যুৎ অবশ্যই বায়ু ও সৌরশক্তির মতো নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত হতে হবে। তাঁদের আশঙ্কা, জীবাশ্ম জ্বালানিচালিত বিদ্যুৎকেও এই লক্ষ্যের আওতায় রাখা হলে তা নির্গমন কমানোর উদ্দেশ্যকে ব্যাহত করবে।
জলবায়ুবিজ্ঞানী ও ক্লাইমেট অ্যানালিটিকসের প্রধান নির্বাহী বিল হেয়ার বলেন, ‘কয়লা ও গ্যাসনির্ভর বিদ্যুতের মাধ্যমে বিদ্যুতায়ন করলে বৈশ্বিক উষ্ণতা কমানো সম্ভব নয়। কয়লা ও গ্যাসের ওপর নির্ভরতা অব্যাহত থাকলে শুধু জীবাশ্ম জ্বালানি পোড়ানোর স্থান পরিবর্তন হবে এবং আরও বেশি নির্গমন দীর্ঘমেয়াদে আটকে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।’
তবে তুরস্ক এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধানের দাবি, নতুন বিদ্যুতের ৮০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে। ফলে এই উদ্যোগের মাধ্যমেও কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে।
জলবায়ু ক্ষতি মোকাবিলায় অর্থায়ন নিয়ে অসন্তোষ
উন্নয়নশীল দেশগুলো আগের সম্মেলনগুলোতে দেওয়া জলবায়ু অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে আরও স্পষ্টতা চেয়েছিল।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে সহায়তা করতে এই অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু আগের সম্মেলনগুলোতে অর্থায়ন তিন গুণ করার কথা বলা হলেও কোন বছরের বা কোন পরিমাণ অর্থকে ভিত্তি ধরে এই হিসাব করা হবে, তা নির্দিষ্ট করা হয়নি।
এবার কয়েকটি দেশ চুক্তিতে সেই ভিত্তি বা বেসলাইন স্পষ্টভাবে উল্লেখ করার দাবি জানালেও তাদের দাবি পূরণ হয়নি।
কার্বন সংরক্ষণ প্রযুক্তিতে বড় লক্ষ্যমাত্রা
নতুন খসড়ার সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ প্রযুক্তি। এ প্রযুক্তির মাধ্যমে শিল্পকারখানা থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড ধরে তা ভূগর্ভে সংরক্ষণের পরিকল্পনা করা হয়েছে।
এ ক্ষেত্রে এক বিলিয়ন মেট্রিক টন কার্বন সংরক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মূলত যেসব শিল্পপ্রতিষ্ঠানের পক্ষে সহজে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরিত হওয়া সম্ভব নয়, তাদের নিঃসরণ কমাতে এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।
তবে জলবায়ু আন্দোলনকারীদের একাংশের আশঙ্কা, কার্বন ক্যাপচার প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত রাখার সুযোগ তৈরি করতে পারে।


