ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে অভিযান চালিয়ে ইউটিউবার ধ্রুব রাঠি ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ শুরুর আগেই এ অভিযান চালানো হয়।
বিমান থেকে আটক অভিজিৎ দীপকে
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর বিমান থেকে নামার আগেই অভিজিৎ দীপকেকে আটক করে দিল্লি পুলিশ। এ সময় তাঁর সঙ্গে সিজেপির সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও আটক করা হয়। বিমান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করে আটকের বিষয়টি জানান অভিজিৎ।
এর আগে গুরুগ্রামে নিজের বাসা থেকে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করা হয়। বিক্ষোভে তাঁর অংশগ্রহণ ঠেকাতেই পুলিশ এ পদক্ষেপ নিয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তবে তাঁদের কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
কেন বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি?
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। ভোটার তালিকা সংশোধনের নামে বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করে দলটি।
বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকায় এ ধরনের পরিবর্তন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্বাচনী সুবিধা তৈরি করতে পারে। তবে বিজেপি ও নির্বাচন কমিশন অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।
নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকা যাচাইয়ের প্রক্রিয়ায় স্থানান্তরিত, খুঁজে পাওয়া যাচ্ছে না এমন এবং মৃত ব্যক্তিদের নাম শনাক্ত করা হয়েছে।
দিল্লিতে জোরদার নিরাপত্তা, বন্ধ মেট্রো স্টেশন
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শনিবার দিল্লিতে বিক্ষোভ ঘিরে প্রায় ২০০ জনকে আটক করা হয়। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আরও অনেককে আটক করার খবর পাওয়া গেছে।
যন্তর মন্তরের বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সংবাদমাধ্যমের খবরে একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং যানবাহনে তল্লাশি চালানোর কথাও জানানো হয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, ভোটার তালিকা সংশোধন নিয়ে তাঁদের উদ্বেগ প্রকাশের অধিকার রয়েছে। অন্যদিকে, পুলিশ জানিয়েছে, অনুমতিহীন কর্মসূচি ও সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।


