ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ধীরাজ শেঠ। মঙ্গলবার (৩০ জুন) তিনি বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হন। প্রায় ১৩ লাখ সদস্যের ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্ব এখন তাঁর হাতে।
১৯৮৬ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়া জেনারেল ধীরাজ শেঠ মহারাষ্ট্রের খড়কওয়াসলা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী। প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি বিশেষ সাঁজোয়া রেজিমেন্ট, পশ্চিমাঞ্চলীয় কমান্ডের একটি সাঁজোয়া ব্রিগেড এবং জম্মু-কাশ্মীরে উগ্রবাদবিরোধী বাহিনীর শীর্ষ কমান্ডারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সামরিক মহলে তিনি একজন ‘স্পষ্টভাষী ট্যাংকম্যান’ হিসেবে পরিচিত।
এদিকে সেনাপ্রধান পরিবর্তনের পাশাপাশি ভারতের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়েও বড় ধরনের রদবদল আনা হয়েছে। নতুন সহ-সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন। একই সঙ্গে বিমানবাহিনীর নতুন সহ-প্রধান হিসেবে এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত দায়িত্ব নিয়েছেন।
এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ডের কমান্ড-ইন-চিফ হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা, দক্ষিণ কমান্ডে লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পুষ্কর এবং লেহভিত্তিক ‘ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস’-এর নতুন কমান্ডার হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মদনরাজ পান্ডে দায়িত্ব গ্রহণ করেছেন।


