মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রশংসাসূচক পোস্ট দেওয়ার পেছনে কাজ করেছিল একটি মার্কিন লবিস্ট প্রতিষ্ঠান। এ কাজের জন্য প্রতিষ্ঠানটিকে প্রতি মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফারা) আওতায় জমা দেওয়া নথি থেকে বিষয়টি জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স নামের প্রতিষ্ঠানটি গত জুনে ট্রাম্পের একটি পোস্টের ব্যবস্থা করে। ওই পোস্টে ভারতের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান ট্রাম্প। প্রতিষ্ঠানটি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে মাসিক ৭৫ হাজার ডলারের চুক্তিতে কাজ করছিল।
মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সের নেতৃত্বে রয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ বলয়ের কয়েকজন ব্যক্তি। প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন ট্রাম্পের ট্রানজিশন টিমের সাবেক যোগাযোগ পরিচালক ব্রায়ান লানজা। এছাড়া ট্রাম্পের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসও ২০২৪ সালের শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।
ফারার আওতায় জমা দেওয়া নথিতে মার্কারি জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পের দেওয়া ওই পোস্টের আয়োজনের বিষয়টি উল্লেখ করেছে।
এদিকে, ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি প্রতিষ্ঠান ভারতীয় সরকারের হয়ে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আটটি ফোনালাপের ব্যবস্থা করেছিল। চলতি বছরের মে ও জুন মাসে এসব যোগাযোগ হয়। নথিতে এগুলোকে রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে।
২০২৫ সালের এপ্রিলে ভারত সরকার প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেয়। পরবর্তী সময়ে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হলেও ট্রাম্প প্রশাসনে বিশেষ সরকারি কর্মচারী হিসেবে যোগ দেওয়ার পর গত ২৩ জুন জেসন মিলারের প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির অবসান ঘটে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে করা ওই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটিকে মাসে দেড় লাখ ডলার দেওয়ার কথা ছিল।
চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সরকার, কংগ্রেস, অঙ্গরাজ্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণা সংস্থাসহ বিভিন্ন পর্যায়ে যোগাযোগ এবং নীতিনির্ধারণী বিষয়ে কৌশলগত পরামর্শ দেওয়ার দায়িত্ব ছিল প্রতিষ্ঠানটির।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে জেসন মিলারের প্রতিষ্ঠান ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল নিডহাম এবং ট্রেজারি বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা জিন ল্যাঞ্জের যোগাযোগের ব্যবস্থা করে।
রুবিওর সফরের পর জুন মাসেও দুই দেশের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ হয়। এ সময় ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার, ট্রাম্পের নীতিবিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট (ফারা) অনুযায়ী, বিদেশি সরকার বা প্রতিষ্ঠানের পক্ষে রাজনৈতিক ও লবিং কার্যক্রম পরিচালনাকারীদের নিয়মিতভাবে তাদের কাজ, মক্কেলের সঙ্গে সম্পর্ক এবং আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ করতে হয়। বিদেশি স্বার্থে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে পরিচালিত তৎপরতায় স্বচ্ছতা নিশ্চিত করাই এ আইনের উদ্দেশ্য।


