ভারতে ২০২৬ সালে রাষ্ট্রীয় ও বেসরকারি বিভিন্ন পক্ষের হাতে অন্তত ২৭ জন মুসলিম নিহত হয়েছেন। ২০২২ সালের পর এটিই দেশটিতে মুসলিমবিরোধী হত্যাকাণ্ডের সবচেয়ে প্রাণঘাতী বছর বলে জানিয়েছে সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইনের ‘ইন্ডিয়া পারসিকিউশন ট্র্যাকার’।

সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশি সহিংসতা, হেফাজতে মৃত্যু এবং উগ্রবাদীদের হামলায় এসব হত্যাকাণ্ড ঘটেছে। এতে ভারতে সাম্প্রদায়িক বিদ্বেষ, বৈষম্যমূলক পুলিশি তৎপরতা এবং অপরাধীদের জবাবদিহির অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ছয়টি রাজ্যে রাষ্ট্রীয় বাহিনীর হাতে অন্তত আটজন মুসলিম নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন পুলিশের কথিত বন্দুকযুদ্ধে এবং পাঁচজন পুলিশি হেফাজত বা কারাগারে মারা যান।

একই সময়ে চারটি রাজ্যে গো-রক্ষক ও অন্যান্য বেসরকারি পক্ষের হামলায় অন্তত আটজন মুসলিম নিহত হয়েছেন। এ ধরনের হত্যাকাণ্ডে পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশে সর্বোচ্চ তিনটি করে ঘটনা নথিভুক্ত হয়েছে।

প্রতিবেদনে মোট ১৪৬টি ঘটনার উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ১০৩টি ঘটনাই উত্তর প্রদেশে। ফলে নথিভুক্ত ঘটনার সংখ্যায় রাজ্যটি শীর্ষে রয়েছে।

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর প্রদেশে জোরপূর্বক পুলিশি তৎপরতা, গবাদিপশু-সংক্রান্ত অভিযান এবং রাজনৈতিক নেতাদের মুসলিমবিরোধী বক্তব্য নিয়ে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট সময়ে উত্তর প্রদেশ পুলিশ ১০০ জনেরও বেশি মুসলিম পুরুষকে গুলি করেছে। তাঁদের অনেকেই গবাদিপশু-সংক্রান্ত মামলার অভিযুক্ত ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নথিভুক্ত ঘৃণামূলক বক্তব্যের প্রায় অর্ধেকের জন্য দায়ী বক্তা হিসেবে চিহ্নিত করেছে ট্র্যাকারটি।

অক্টোবরে প্রকাশিত সরকারি পুলিশি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সাল থেকে উত্তর প্রদেশে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত ৩১৬ জনের মধ্যে ১১০ জন মুসলিম। অর্থাৎ মোট নিহতের প্রায় ৩৫ শতাংশ মুসলিম। অথচ রাজ্যটির মোট জনসংখ্যার প্রায় ১৯ শতাংশ মুসলিম।

এ ছাড়া আগস্ট থেকে অক্টোবরের মধ্যে পুলিশের কথিত ‘হাফ এনকাউন্টার’-এ অন্তত ১১৮ জন মুসলিম পুরুষ আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের আগে সন্দেহভাজনদের, বিশেষ করে পায়ে, গুলি করার অভিযোগ রয়েছে। এর মধ্যে ১০৫টি ঘটনা ঘটেছে উত্তর প্রদেশে।

প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার অধিকাংশ ভুক্তভোগীর বিরুদ্ধে গবাদিপশু-সংক্রান্ত অভিযোগ ছিল।

গত মাসে প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক অনুসন্ধানী প্রতিবেদনেও বলা হয়, ২০২০ সাল থেকে গো-চোরাচালান-সংক্রান্ত মামলায় উত্তর প্রদেশ পুলিশের গুলিতে আহত বা নিহত প্রায় ৬৫০ জনের মধ্যে যাঁদের পরিচয় শনাক্ত করা গেছে, তাঁদের প্রায় ৯৩ শতাংশই মুসলিম।

পুলিশের জবাবদিহি নিয়েও প্রশ্ন তুলেছে ট্র্যাকারটি। ১৩ আগস্ট এলাহাবাদ হাইকোর্টের একটি আদেশের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, পুলিশের গুলিতে একজন নিহত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় তদন্তের নির্দেশ দিয়েছিলেন আদালত। আদালত পর্যবেক্ষণ করেন, ওই ঘটনায় জড়িত ২৩ পুলিশ সদস্যই কথিত ‘ভালো কাজের’ জন্য পুরস্কার পেয়েছিলেন।

আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত অন্তত ১০টি রাজ্যে মুসলিমদের ওপর কয়েক ডজন হামলার ঘটনাও নথিভুক্ত করেছে সংস্থাটি। এসব হামলার মধ্যে ধর্মীয় হুমকি, অপমান-অপদস্থ করা এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করার মতো ঘটনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একই সময়ে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষও হামলার শিকার হয়েছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গে।

বাংলাভাষী মুসলিমদের পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়েছে ট্র্যাকারটি। প্রতিবেদনে বলা হয়েছে, তাঁদের অনেককে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) কার্যক্রম চলার মধ্যে বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে।

অক্টোবরের মাঝামাঝি সময়ে ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা থেকে ৬ কোটি ১০ লাখের বেশি নাম বাদ দেওয়া হয়। ২০২৫ সালে বিহার থেকে শুরু হওয়া আগের ধাপগুলোসহ মোট বাদ পড়া নামের সংখ্যা ১৩ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে।

প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, অন্তত পাঁচটি রাজ্যে মুসলিম ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য বিপুলসংখ্যক ফরম-৭ জমা দেওয়া হয়েছে। ভোটার তালিকায় কোনো ব্যক্তির নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে আপত্তি জানাতে আনুষ্ঠানিকভাবে এই ফরম ব্যবহার করা হয়।

পশ্চিমবঙ্গে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত আপিল ট্রাইব্যুনালগুলো ৩৮ লাখ ৩০ হাজার আপিলের মধ্যে মাত্র ১ লাখ ২৬ হাজার ১৯৪টির নিষ্পত্তি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে বিপুলসংখ্যক ভোটার তাঁদের আপিলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

এদিকে নাগরিকত্ব ও কথিত অবৈধ অভিবাসন নিয়েও উদ্বেগ বেড়েছে। ১৩ সেপ্টেম্বর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, অবৈধ অভিবাসীদের শনাক্ত করার লক্ষ্যে প্রস্তাবিত দেশব্যাপী জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে সরকারের মিত্রদের সঙ্গে আলোচনা চলছে।

পৃথকভাবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত একটি কমিটি রাজ্যগুলোর কাছে ধর্মভিত্তিক জন্মহার, স্কুলে ভর্তি, সম্পত্তি লেনদেন এবং ধর্মীয় স্থাপনার বিষয়ে গত ১৫ বছরের তথ্য চেয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইনের মতে, এসব তথ্য ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা, রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার এবং সাংবিধানিক অধিকার সুরক্ষা নিয়ে চলমান উদ্বেগের চিত্র তুলে ধরে।

সূত্র: মিল্লাত টাইমস