মিয়ানমারের ভবিষ্যৎ রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক সময় পার করছে দেশটি। একদিকে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের অপেক্ষা, অন্যদিকে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর আসিয়ান জোটে মিয়ানমারের অবস্থান পুনর্বিবেচনার আলোচনা।

ফিলিপাইনে শুরু হতে যাওয়া আসিয়ানের তিন দিনব্যাপী বৈঠকে মিয়ানমারকে আবারও আঞ্চলিক কূটনৈতিক পরিসরে ফিরিয়ে আনার বিষয়টি আলোচনায় আসার কথা রয়েছে।
রোহিঙ্গা অধিকারকর্মীরা মনে করছেন, গণহত্যার অভিযোগে আইসিজের রায় আসিয়ান নেতাদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
ইয়াঙ্গুনভিত্তিক এক রোহিঙ্গা অধিকারকর্মীর তথ্যমতে, প্রজন্মের পর প্রজন্ম ধরে যে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তার বিচারিক পরিণতি দেখার অপেক্ষায় রয়েছেন তারা। যারা তাদের জীবন, ভবিষ্যৎ ও সম্পদ ধ্বংস করেছে, তাদের সঙ্গে আসিয়ান নেতারা সম্পর্ক স্বাভাবিক করলে তারা হতাশ হবেন।
আইসিজের বিচারিক প্রক্রিয়া এবং আসিয়ানে মিয়ানমারের প্রত্যাবর্তনের প্রশ্ন দুটি পৃথক বিষয় হলেও উভয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং।

২০২১ সালে তার নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। অভ্যুত্থানের পর থেকে আসিয়ান সম্মেলনে মিয়ানমারের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের অংশগ্রহণ কার্যত স্থগিত রয়েছে।
অন্যদিকে, ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানে গণহত্যা, ধর্ষণ, হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের গণহত্যা সনদ লঙ্ঘনের মামলা দায়ের করা হয়।

আইসিজের রায়ে রাষ্ট্র হিসেবে মিয়ানমারের দায়বদ্ধতা বিবেচনা করা হবে, ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির অপরাধের বিচার নয়। তবে ওই সময় দেশটির সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন মিন অং হ্লাইং। সামরিক অভিযানের ফলে প্রায় সাত লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। তবে এ সংখ্যা ২০২৬ সালে এসে দাঁড়িয়েছে প্রায় ১৫ লাখের বেশি। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, দাপ্তরিক নথিপত্রে কম দেখালেও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা প্রায় ১৫ লাখেরও বেশি। এদিকে নতুর করে আরও অনুপ্রবেশের কথা বাংলাদেশি গণমাধ্যমের খববে উঠে এসেছে।
এদিকে চলতি বছরের এপ্রিলে বিতর্কিত নির্বাচনের পর মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন মিন অং হ্লাইং। আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা অর্জনে তিনি কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
তাইওয়ানের একাডেমিয়া সিনিকার ভিজিটিং স্কলার ওয়াই ইয়ান ফিও নাইংয়ের মতে, আইসিজে যদি মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠা করে, তাহলে মিন অং হ্লাইংয়ের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জনের প্রচেষ্টা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। বিশেষ করে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের পক্ষে অবস্থান নেওয়া দেশগুলোর জন্য তার সঙ্গে প্রকাশ্য সম্পর্ক রাজনৈতিক ও ভাবমূর্তিগত ঝুঁকি তৈরি করতে পারে।
আসিয়ানে ফিরতে মিয়ানমারের কূটনৈতিক তৎপরতা
তবে মিয়ানমার ইতোমধ্যে আসিয়ানে ফিরে আসার পক্ষে কয়েকটি দেশের সমর্থনের ইঙ্গিত পেয়েছে। থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনামে মিন অং হ্লাইং উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন।
এমনকি মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়াও গত মাসে তাকে আতিথ্য দিয়েছে। যদিও দেশটিতে অবস্থানরত হাজার হাজার মিয়ানমারের নাগরিককে ফিরিয়ে নেওয়ার বিষয়টি আলোচনার অন্যতম কারণ ছিল।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সম্ভাব্য পরিণতি নিয়ে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ এশিয়া উপদেষ্টা রিচার্ড হর্সির মতে, আইসিজের রায় মিন অং হ্লাইংয়ের কূটনৈতিক অগ্রযাত্রায় খুব বেশি প্রভাব নাও ফেলতে পারে। কারণ রায়টি মিয়ানমার রাষ্ট্রের বিরুদ্ধে হলেও ব্যক্তিগতভাবে তার ওপর সরাসরি কোনো আইনি নিষেধাজ্ঞা আরোপ করবে না।
তার মতে, কিছু দেশ সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে সতর্ক হতে পারে, তবে এই প্রক্রিয়া থেমে যাওয়ার সম্ভাবনা কম।
আসিয়ানের ভেতরেও মতপার্থক্য
বিশ্লেষকদের মতে, গণহত্যার অভিযোগে মিয়ানমারের দায় প্রতিষ্ঠিত হলেও মিন অং হ্লাইংয়ের কূটনৈতিক অবস্থান পুরোপুরি দুর্বল হবে, এমন নিশ্চয়তা নেই। বরং আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে মিয়ানমারকে বিচ্ছিন্ন রাখার পক্ষের দেশ এবং সম্পর্ক স্বাভাবিক করার পক্ষের দেশগুলোর মধ্যে মতপার্থক্য আরও বাড়তে পারে।
অভ্যুত্থানের পর থেকে আসিয়ান সম্মেলনে মিয়ানমারের প্রতিনিধিত্ব করে আসছেন দেশটির জ্যেষ্ঠ বেসামরিক কর্মকর্তারা। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠেয় বৈঠকেও এই ব্যবস্থাই বহাল থাকবে।
চলতি বছরের শেষ দিকে আসিয়ানের সভাপতিত্ব ফিলিপাইন থেকে সিঙ্গাপুরের হাতে যাবে। বিশ্লেষকদের মতে, সিঙ্গাপুর মিয়ানমারের সঙ্গে দ্রুত সম্পর্ক স্বাভাবিক করার বিরোধী।
তবে ২০২৮ সালে আসিয়ানের সভাপতিত্ব পাবে থাইল্যান্ড। দেশটির সঙ্গে মিয়ানমারের দীর্ঘ সীমান্ত রয়েছে এবং ব্যাংককই বর্তমানে মিয়ানমারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকেউ সম্প্রতি বলেছেন, আইসিজের রায় মিয়ানমারের সঙ্গে ধাপে ধাপে সম্পর্ক পুনঃস্থাপনের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করবে বলে তিনি মনে করেন না।
স্বাধীন মিয়ানমার বিশ্লেষক ডেভিড ম্যাথিসনের মতে, অদূর ভবিষ্যতে আসিয়ান সম্মেলনে মিন অং হ্লাইংকে পূর্ণাঙ্গভাবে স্বাগত জানানোর সম্ভাবনা কম। তবে সময়ের সঙ্গে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে।
উল্লেখ্য, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করবে আইসিজে।


