মণিপুরের কাঙপোকপি জেলার সাইকুল সাব-ডিভিশনে কুকি-জো সম্প্রদায়ের শত শত মানুষ বিক্ষোভ করেছে। রোববার (২৮ জুন) কুকি ইনপি সাইকুলের ব্যানারে এ বিক্ষোভ করেন তারা। তারা রাজ্য সরকারের দোলাইথাবিতে বাস্তুচ্যুত মেইতেই পরিবারদের পুনর্বাসনের পরিকল্পনার বিরুদ্ধে এই প্রতিবাদ জানান।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দুই সম্প্রদায়ের পারস্পরিক সম্মতি বা বোঝাপড়া ছাড়াই এই পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

পুরুষ, নারী ও যুবকরা প্ল্যাকার্ড হাতে ও স্লোগান দিয়ে বিক্ষোভে অংশ নেন। তারা দাবি করেন, ২০২৩ সালের মে মাস থেকে চলমান জাতিগত সংঘাতের বাস্তব পরিস্থিতি এবং মাটির বাস্তবতা উপেক্ষা করে সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে।

তাদের মতে, বাস্তুচ্যুতদের পুনর্বাসন বা প্রত্যাবর্তন অবশ্যই আলোচনার মাধ্যমে এবং সংশ্লিষ্ট সম্প্রদায়গুলোর ঐকমত্যের ভিত্তিতে হওয়া উচিত। একতরফা সিদ্ধান্ত নিলে আস্থা আরও কমবে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা বাধাগ্রস্ত হবে।

বিক্ষোভকারীরা জানান, তারা শান্তি বা পুনর্মিলনের বিরোধী নয়। তবে তাদের মতে, ন্যায়বিচার, নিরাপত্তা এবং সব সম্প্রদায়ের সমান বিবেচনা ছাড়া প্রকৃত শান্তি সম্ভব নয়।

একজন আন্দোলনকারী নেতা বলেন, ন্যায়বিচার একপাক্ষিক হতে পারে না এবং যেকোনো পুনর্বাসন পরিকল্পনা অবশ্যই দুই সম্প্রদায়ের পারস্পরিক সম্মতির ভিত্তিতে হতে হবে।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘নো পিস, নো রিসেটলমেন্ট’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ এবং ‘জাস্টিস বিফোর পিস’ স্লোগান দেন।

শেষে তারা রাজ্য সরকারের প্রতি আহ্বান জানান, একতরফা পদ্ধতি পরিহার করে সকল পক্ষের গ্রহণযোগ্য একটি অন্তর্ভুক্তিমূলক ও আলোচনাভিত্তিক প্রক্রিয়া গ্রহণ করতে।

শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এই বিক্ষোভে কুকি-জো সম্প্রদায় পুনরায় জোর দিয়ে জানায়, মণিপুর সংকটের যেকোনো স্থায়ী রাজনৈতিক বা মানবিক সমাধান অবশ্যই ন্যায়বিচার, পারস্পরিক সম্মতি এবং সকল সম্প্রদায়ের সমান আচরণের ভিত্তিতে হতে হবে।