আফগানিস্তানের কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় নারী ও শিশুসহ ৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে তারা।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানের হামলায় নারী ও শিশুসহ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তিনি হামলাকে ‘আগ্রাসন ও অপরাধ’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানান।

তবে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতে দুটি আস্তানায় অভিযান চালানো হয়েছে।

পাকিস্তানের দাবি, হামলায় সন্ত্রাসীদের আস্তানা ধ্বংসের পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস করা হয়েছে। প্রাথমিকভাবে ২২ জন নিহত হওয়ার কথা জানিয়েছে পাকিস্তান।

হামলা ও হতাহতের বিষয়ে আফগানিস্তান ও পাকিস্তানের দেওয়া কোনো তথ্যই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

এর আগে গত মাসে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্থাপনায় হামলায় ২৪ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়ে যায়। এরও আগে ফেব্রুয়ারিতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।