ভারতের উত্তরপ্রদেশে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের একটি পাইলট প্রকল্প শুরু করেছে যোগী আদিত্যনাথের সরকার। বুলন্দশহরের ১৫টি গ্রামে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু হয়েছে। বর্তমানে প্রতি লিটার গোমূত্রের জন্য ১০ রুপি দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এই দাম বাড়িয়ে ২০ রুপি করার পরিকল্পনাও রয়েছে। খবর এনডিটিভির।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পটি নরসাইনা গ্রামের একটি ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন (এফপিও)-এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। গ্রামগুলোতে সংরক্ষণের জন্য ২০০ লিটার ধারণক্ষমতার ট্যাংকও বসানো হয়েছে।
এই উদ্যোগে গ্রামীণ নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গোমূত্র সংগ্রহে সহযোগিতা করা নারীরা প্রতি লিটারে ২ রুপি কমিশন পাচ্ছেন। প্রায় ৩০০ নারী এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তাদের সবাইকে প্রকল্পের শেয়ারহোল্ডার করা হয়েছে বলে জানা গেছে।
সরকারের দাবি, সংগৃহীত গোমূত্র কৃষিকাজে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে এবং ভবিষ্যতে এটি রাসায়নিক কৃষি উপকরণের বিকল্প হিসেবে কাজে লাগতে পারে। পাশাপাশি দুধ দেওয়া বন্ধ করে দেওয়া গবাদিপশুর রক্ষণাবেক্ষণেও এই উদ্যোগ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। পাইলট প্রকল্প সফল হলে পুরো উত্তরপ্রদেশে এটি চালুর জন্য একটি আনুষ্ঠানিক নীতি তৈরি করা হবে।
তবে এই প্রকল্প নিয়ে সরকারের সমালোচনা করেছে বিরোধী সমাজবাদী পার্টি (এসপি)। দলটি প্রকল্পটিকে ‘কেলেঙ্কারি’ বলে অভিহিত করেছে। পার্টির মুখপাত্র মোহাম্মদ আজম খান অভিযোগ করেছেন, নির্বাচনের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যেই বিজেপি এই প্রকল্পের আয়োজন করছে।
তিনি আরও অভিযোগ করেন, রাজ্যের গোশালা ও সেখানে থাকা গরুগুলোই নিরাপদ নয়; এমন প্রকল্প থেকে কোনো উন্নয়ন হবে না।
বিজেপির মুখপাত্র হিরো বাজপাই সমাজবাদী পার্টির অভিযোগের জবাব দিয়ে বলেন, তারা প্রতিটি উন্নয়নমূলক প্রকল্পের মধ্যেই ত্রুটি খুঁজে বের করে। তার দাবি, যাদের স্বার্থের কথা সমাজবাদী পার্টি রাজনৈতিকভাবে তুলে ধরে, সেই অংশের মানুষই এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন।


