দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে মঙ্গলবার (৩০ জানুয়ারি)। ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে মঙ্গলবার বিকাল ৩টায়। সংবিধান অনুযায়ী, সরকার ও সংসদের পাঁচ বছরের মেয়াদ গণনা শুরু হয় সংসদের প্রথম বৈঠকের দিন থেকে। দ্বাদশ জাতীয় সংসদের যাত্রার দিনে সংসদ নির্বাচন বাতিলের দাবিতে সারা দেশে আজ বিএনপি কালো পতাকা মিছিল করবে। পাল্টা কর্মসূচি দিলেও আওয়ামী লীগের পূর্বনির্ধারিত আজকের শান্তি ও গণতন্ত্র সমাবেশ স্থগিত করা হয়েছে।
এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বিকাল ৩টায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। এটি ২০২৪ সালেরও প্রথম অধিবেশন। সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন। এর আগে, রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে ২০২৪ সালের প্রথম সংসদ অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয় সূত্র জানায়, ইতোমধ্যেই জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আসন বিন্যাসের কাজ চূড়ান্ত করা হয়েছে। এই অধিবেশনে বেশ কয়েকটি বিল উত্থাপন হওয়ার কথা রয়েছে বলে সংসদ সচিবালয় জানায়।
আসন বিন্যাস যেভাবেঃ সংসদ নেতার নির্দেশ ও স্পিকারের পরামর্শ অনুযায়ী চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী আসন বিন্যাস চূড়ান্ত করেছেন। আসন বিন্যাসে একাধিকবার নির্বাচিত, রাজনৈতিক দলে অবস্থান, ভোটের ব্যবধান, জনপ্রিয়তাসহ কয়েকটি বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে। বারবার নির্বাচিতদের তুলনামূলক সামনের দিকে আসন দেওয়া হলেও প্রথমবার নির্বাচিত হয়েও সামনের সারিতে আসন পেয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
জানা গেছে, সবচেয়ে বেশি নবমবার সংসদ সদস্য হওয়ার রেকর্ড গড়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ও প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। আর আটবার সংসদ সদস্য হয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। এ ছাড়া বর্তমান কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আবদুস শহীদ, মো. দবিরুল ইসলাম, মির্জা আজম ও বীর বাহাদুর উশৈ সিং সাতবার নির্বাচিত হয়েছেন। তাঁরা সবাই সামনের সারিতে আসন পাচ্ছেন।
এদিন সংসদের কার্যপ্রণালি শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদীয় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অধিবেশনের কার্যকাল ও আলোচ্যসূচি ঠিক করা হবে। সংসদে একাদশ সংসদের মতোই এবারও বিরোধী দল হিসেবে থাকছে জাতীয় পার্টি। এর পাশাপাশি ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন দ্বাদশ সংসদে। জাতীয় পার্টির পাশাপাশি সংসদে বিরোধী ভূমিকায় থেকে সরকারের গঠনমূলক সমালোচনা করার সুযোগ রয়েছে স্বতন্ত্র এমপিদের। অধিবেশনের প্রথম দিনেই স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। এরপর নতুন সংসদ সদস্যদের উদ্দেশে প্রথমবারের মতো ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন সদস্যরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হওয়া ২৯৯টি সংসদীয় আসনে আওয়ামী লীগ পেয়েছে ২২৩টি। বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়ী হয়েছেন। এ ছাড়া ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি পেয়েছে ১টি করে আসন। স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ভোট গ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
সংসদ সচিবালয় জানিয়েছে, গতকাল ২৯ জানুয়ারি, সোমবার একাদশ সংসদের মেয়াদ শেষ হয়েছে। আজ (মঙ্গলবার) থেকে অধিবেশনের মাধ্যমে দ্বাদশ সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। নতুন সংসদের প্রথম দিনের অধিবেশনে প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, দেশি-বিদেশি কূটনীতিক, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তাসহ প্রায় ৫ শতাধিক অতিথি উপস্থিত থাকবেন।
 

-পার্বত্য সময়