রোহিঙ্গাদের জন্য রান্নার কাজে ব্যবহৃত ৩ হাজার মেট্রিক টন সূর্যমুখীর তেল কক্সবাজারে পৌঁছেছে। বুধবার (৩ ডিসেম্বর) এই চালান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। ঢাকায় সুইডেন দূতাবাস জানিয়েছে, এই তেল আগামী তিন মাসে প্রায় ১০ লাখ রোহিঙ্গার রান্নার প্রয়োজনীয়তা পূরণ করবে।
‘গ্রেইন ফ্রম ইউক্রেন’ মানবিক উদ্যোগের অংশ হিসেবে এই সহায়তা দিয়েছে সুইডেন। খাদ্য নিরাপত্তা জোরদারে এই প্রকল্পে সুইডিশ সরকার ৭ মিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে। উদ্যোগটির লক্ষ্য হচ্ছে যুদ্ধকালীন ইউক্রেনের কৃষক ও কৃষি অর্থনীতিকে সমর্থন করা এবং একই সঙ্গে বাংলাদেশসহ বিভিন্ন দেশে ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় সাহায্য করা।
২০২২ সালে শুরু হওয়া এই উদ্যোগ বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোতে খাদ্যশস্য সরবরাহে কাজ করছে। বিশেষ করে আফ্রিকার জন্য খাদ্য রপ্তানিতে ভর্তুকি প্রদান এবং দীর্ঘমেয়াদে কৃষি খাতের স্থিতিস্থাপকতা বাড়াতে আন্তর্জাতিক অংশীদারত্ব গড়ে তোলাই এ উদ্যোগের উদ্দেশ্য।
কক্সবাজারে ভোজ্যতেল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেকজান্ডার পলিশচুক এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ মার্ক সেরে-শার্লেট।


