বান্দরবানকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বান্দরবান পৌর এলাকার বিভিন্ন সড়ক, স্থাপনা ও জনসেবামূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
পরিদর্শনকালে শহরের ফায়ার সার্ভিস ও হাসপাতাল রোডসংলগ্ন সড়কের খানাখন্দ ও ভগ্নদশা দেখে তা দ্রুত মেরামতের নির্দেশ দেন মন্ত্রী। একই সঙ্গে ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা চৌরাস্তা এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা ও আগাছা অপসারণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে সরকারি খাসজমি ও সড়কের ওপর অবৈধভাবে গড়ে ওঠা উচ্ছেদযোগ্য স্থাপনা দ্রুত অপসারণ করে দখলমুক্ত করার জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন পার্বত্যমন্ত্রী।
পরে তিনি পৌরসভার রোয়াংছড়ি বাস টার্মিনাল এলাকা পরিদর্শন করেন। সেখানে সুপেয় পানির সংকট, অপরিচ্ছন্ন পরিবেশ, নিম্নমানের যাত্রীসেবা ও অব্যবস্থাপনা দেখে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।
পর্যটক ও স্থানীয়দের সুবিধার্থে প্রধান ডাকঘরের কাছে থানচি বাসস্ট্যান্ড এবং রুমা বাস টার্মিনালসংলগ্ন পৃথক দুটি স্থানে আধুনিক ও পরিচ্ছন্ন পাবলিক টয়লেট নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেন তিনি।
পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, সরকারের সঠিক পরিকল্পনা ও স্থানীয় জনগণের সহযোগিতায় দ্রুত বান্দরবানকে পরিচ্ছন্ন, সুসংগঠিত ও মডেল পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে।
এ সময় বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এস এম মনজুরুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসিন আরাফাতসহ জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি সংস্থা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


