জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, চলমান অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার এবং ভবিষ্যতে অংশীদারত্বের নতুন ক্ষেত্র সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেন তারা।
বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, তেল ও গ্যাসের সরবরাহ এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের কারণে দেশের অর্থনীতিতে যে বহিরাগত অভিঘাত তৈরি হচ্ছে, তা মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়।
এর আগে, মঙ্গলবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
এবারের অধিবেশনে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।


