কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প-সংলগ্ন মোছারখোলা পাহাড়ি এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ পাঁচ আরসা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টায় র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন উখিয়া উপজেলার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৩ ব্লকের মরহুম আব্দুল মোতালেবের ছেলে মো: নেছার (৩০), এইচ-৭ ব্লকের আব্দুল জব্বারের ছেলে রবি আলম (১৮), এইচ-১২ ব্লকের মো: শাকের আহমেদের ছেলে মো: আবুল কালাম (২৮), এইচ-৫ ব্লকের মো: বাশারের ছেলে মো: আইয়ুব (২২) এবং কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২৫ ব্লকের স্থানীয় বাংলাদেশী নাগরিক আব্দুর রহমানের ছেলে আবুল হোসেন (২০)।
লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন জানান, সম্প্রতি উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অপতৎপরতা বেড়ে যাওয়ায় খুন, অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতিসহ নানা অপরাধ কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষিতে র্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী নজরদারি ও অভিযান জোরদার করেছে।
বৃহস্পতিবার ভোরে উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প-সংলগ্ন পাহাড়ি এলাকায় আরসার একদল সদস্য বেশ কিছু আগ্নেয়াস্ত্রসহ নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবর পেয়ে র্যাবের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছানোর পর র্যাবের উপস্থিতি টের পেয়ে আরসা সন্ত্রাসীরা অতর্কিতে গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে আরসার ৫ সদস্যকে আটক করা হয়।
পরে সন্ত্রাসীদের আস্তানা তল্লাশি করে দেশি তৈরি বিভিন্ন ধরণের ছয়টি বন্দুক ও নয়টি গুলি উদ্ধার করা হয়।
-পার্বত্য সময়

