মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে সে দেশের সেনাবাহিনীর চলমান সংঘর্ষের মধ্যে ফের বাংলাদেশ ঢুকে পড়ল দেশটির সীমান্ত রক্ষা বাহিনী বিজিপির ৯ সদস্য। রোববার (১৪ এপ্রিল) সকালে সীমান্ত দিয়ে আশ্রয়ের জন্য তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে।

রোববার ভোর সাড়ে ৫ টার দিকে হোয়াইক্যংয়ের জিম্বংখালী সীমান্ত পয়েন্ট দিয়ে ৬ জন এবং খারাংখালী পয়েন্ট দিয়ে ৩ জন অনুপ্রবেশ করলে তাদের হেফাজতে নিয়ে যায় বিজিবি।

টেকনাফ ২ বিজিবির একটি সূত্র জানায়, রোববার ভোরে মিয়ানমারের সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের মুখে প্রাণের ভয়ে অস্ত্রসহ ৯ জন সদস্য পালিয়ে আসেন। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর এই ৯ সদস্যকে প্রথমে নিরস্ত্র করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হেফাজতে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির (এএ) চলমান সংঘাত ব্যাপক আকার ধারণ করেছে। সপ্তাহব্যাপী ওপার থেকে ভেসে আসা গোলাগুলি ও মর্টার শেলের বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কে রয়েছে সীমান্তে বসবাসরত বাংলাদেশিরা।

তথ্য সূত্র বলছে, মিয়ানমার থেকে পালিয়ে আসা ৯ বিজিপি সদস্যকে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে।

গেল ১১ মার্চ মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে এক দিনে পালিয়ে বাংলাদেশে এসেছে দেশটির  বিজিপির ১৭৯ সদস্য। এরপরই একই সীমান্ত নিয়ে পালিয়ে আসে মিয়ানমার সেনাবাহিনীর তিনজন সদস্য। তারাও বর্তমানে বিজিরির হেফাজতে রয়েছে।


-পার্বত্য সময়