মিয়ানমারের রাখাইনে রাথিডং নামে আরও একটি শহর দখল নিয়েছে বিচ্ছিন্নতবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। দুই সপ্তাহের তুমুল লড়াইয়ে টিকতে না পেরে রোববার (১৭ মার্চ) রাতে জান্তা বাহিনীর অন্তত ২০০ সেনাসদস্য অস্ত্রশস্ত্র ফেলে নৌকায় করে পালিয়ে গেছে। জান্তা সেনাদের মধ্যে অনেক রোহিঙ্গা রয়েছে বলেও জানায় আরাকান আর্মি।
মিয়ানমারের নির্বাসিত সাংবাদিকদের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যম দ্য ইরাবতী সোমবার (১৮ মার্চ) রাথিডং শহর আরাকান আর্মির দখলে যাওয়ার খবর জানিয়েছে।
সোমবার রাতে আরাকান আর্মি জানায়, রাথেডংয়ে রোববার জান্তা সেনার লাইট ইনফেন্ট্রি ব্যাটালিয়ন ৫৩৬, ৫৩৭ ও ৫৩৮কে তুমুল যুদ্ধে পরাজিত করেছে। পালিয়ে যাওয়া সেনাদের মধ্যে অনেক সেনা নিহত হয়েছে বলেও জানায় তারা।
এদিকে, স্থানীয় সূত্রের মাধ্যমে জানা যায়, বাংলাদেশ সীমান্তের ওপারে রাখাইনে রোববার সন্ধ্যায় আরাকান আর্মি নাকপুরা এলাকার মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সেক্টরে হামলা চালায়। বিজিপিও পাল্টা জবাব দেয়।
সোমবার রাতে এক বিবৃতিতে আরাকান আর্মি দাবি করেছে, গত বছরের ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া যুদ্ধে রাখাইনের ১৭টি শহরসহ রাজ্যটির অর্ধেক দখলে নিয়েছে। সম্প্রতি, বুথিডংয়ে জান্তার লাইট ইনফেন্ট্রি ব্যাটালিয়ন ৫৫২কে পরাজিত করে হেডকোয়ার্টার্সের দখল নিয়েছে আরাকান আর্মি। ১৮০টি সামরিক ঘাঁটি ও কমান্ড সেন্টার ছাড়াও চিন রাজ্যের পালেতোয়া শহরের দখলও তাদের কাছে রয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
-পার্বত্য সময়

