বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন ত্যাগ করেন।

বিদায়ের আগে বঙ্গভবনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। হাফিজ উদ্দিন আহমদ গার্ড অব অনারের সালাম গ্রহণ করেন এবং উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

বিদায় অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বঙ্গভবন ছাড়ার আগে হাফিজ উদ্দিন আহমদ দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সাফল্য কামনা করেন। পরে কঠোর নিরাপত্তা ও রাষ্ট্রীয় প্রটোকলের মধ্য দিয়ে তিনি বঙ্গভবন এলাকা ত্যাগ করেন।

এদিকে, ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী জোটের প্রার্থী হিসেবে অলি আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেন। এরপর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।