ছোটপর্দার জনপ্রিয় মুখ অলিউল হক রুমি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।

একমাস আগে হঠাৎ করেই তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর ভারতে চিকিৎসা নিতে যান। সেখানে থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেন। মৃত্যুর আগে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়াও চেয়েছিলেন অভিনেতা।

অভিনয়ে তিন দশকের বেশি সময় পার করেছেন রুমি। দীর্ঘ এই সময়ে অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়। ১৯৮৮ সালে ‘এখন ক্রীতদাস’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু হয় রুমির। পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ২০০৯ সালে ‘দরিয়াপাড়ের দৌলতি’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন রুমি। এবারের ঈদে বেশ কটি নাটকেও দেখা গেছে এই অভিনেতাকে।

গত কয়েক বছর এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করে আসছিলেন। এ ভাষার জন্য নতুন করে দর্শকের কাছে প্রশংসা পাচ্ছিলেন।

তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো- ‘সাজেশন সেলিম’, ‘বোকাসোকা তিনজন’, ‘মেকাপ ম্যান’, ‘ঢাকা টু বরিশাল’, ‘ঢাকা মেট্রো লাভ’, ‘জার্নি বাই বাস’, ‘জমজ-৫’, ‘জমজ-৬’, ‘জমজ-১০’, ‘রতনে রতন চিনে’, ‘২০০ কদবেলী ইত্যাদি।

 

-পার্বত্য সময়