আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় গতকাল থেকে ৮ ৫০০ আনসার ব্যাটালিয়ন সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে। ১৩ জানুয়ারি পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৫০টি প্লাটুন ৭৫০টি সেকশনে তারা দায়িত্ব পালন করবেন।

শনিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (প্রকল্প-প্রশিক্ষণ) মো. জাহিদুল ইসলাম এ তথ্য জানান।

নির্বাচনি এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে মোতায়েন করা আনসার ব্যাটালিয়ন সদস্যরা রিটার্নিং অফিসারের পরিকল্পনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল, স্ট্রাইকিং ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

এদিকে গতকাল শুক্রবার থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্যে শান্তিশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী র‍্যাব ফোর্সেস ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সব নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করবে।

এ ছাড়া উপকূলীয় এলাকায় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের আগে-পরে প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে কোস্টগার্ড।

 

-পার্বত্য সময়