আরাকান আর্মির (এএ) প্রধান তোয়ান ম্রাত নাইং বাংলাদেশে চিকিৎসাধীন রয়েছেন—এমন দাবির বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
রোববার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’
সম্প্রতি মিয়ানমারের কিছু আঞ্চলিক অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয়, মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় আহত হওয়ার পর আরাকান আর্মির প্রধান তোয়ান ম্রাত নাইং বাংলাদেশের একটি হাসপাতালে গোপনে চিকিৎসা নিচ্ছেন।
তবে এ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য বা মূলধারার সংবাদমাধ্যম যাচাইযোগ্য সূত্র উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেনি। বিষয়টি মূলত সামাজিক যোগাযোগমাধ্যম এবং মিয়ানমারভিত্তিক কিছু আঞ্চলিক প্ল্যাটফর্মে প্রচারিত হয়েছে।
এদিকে মিয়ানমার সীমান্তে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘাত তীব্র হওয়ায় নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে।
সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।


