আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবিদিত বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে ‘বাংলাদেশ নীতি’ অনুসরণ করা হচ্ছে, যার মাধ্যমে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক ও শক্তিশালী হবে।

রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। ‘বাংলাদেশ নীতি’ অনুসরণ করে জাতীয় নিরাপত্তা কৌশল বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করা হবে।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম আজ আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সেই গৌরবেরই একটি অবিচ্ছেদ্য অংশ।

রাষ্ট্রপতি আরও বলেন, প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার এবং নতুন ধরনের নিরাপত্তা হুমকি বৈশ্বিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এসব মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং সময়োপযোগী ও কার্যকর কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।