কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন নামে বাংলাদেশি এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের মিরপুর গ্রামে বাংলাদেশ-ভারত সীমান্ত পিলার ২০৬৫ (৮এস) নম্বরের কাছে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন (৫০) বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে।

এ দিকে ঘটনার ১০ ঘণ্টা পর বিকেল ৫টায় পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ বাংলাদেশে হস্তান্তর করেছে বিএসএফ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম।

ইউপি সদস্য কাশেম বলেন, ‘অনেক চেষ্টার পর আমরা মরদেহ হস্তান্তরের বিষয়টি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে পেরেছি। বিকেলে ৫টায় বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাচোড়া এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে নিহত আনোয়ারের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। বিজিবি সদস্যরা আনুষ্ঠানিকভাবে মরদেহ গ্রহণ করার পর বুড়িচং থানা পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করেছেন। পরবর্তীতে থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।’

এ বিষয়ে ৬০ বিজিবির অধিনায়ক এ এম জাবের বিন জব্বার বলেন, ‘সকালে আনোয়ার হোসেন ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এমন সংবাদ স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পারি। বিষয়টি নিয়ে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হলে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করে তারা।’

-পার্বত্য সময়